Main Menu

সিলেটে পৌঁছে মাজার জিয়ারত করলেন মির্জা ফখরুল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের রেজিস্টারি মাঠের সমাবেশে যোগ দিতে আজ বুধবার সকালে বিমানযোগে সিলেট এসে পৌঁছেছেন বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ভোর ছয়টার দিকে ঢাকা থেকে বিমানযোগে সিলেটে আসেন ফখরুলসহ জোটের নেতারা। সেখান থেকে তারা সরাসরি যান হযরত শাহজালাল রহ. এর মাজারে। শাহজালাল রহ. মাজার জিয়ারতের পর নেতৃবৃন্দ যান হযরত শাহ পরান (রহ.) এর মাজারে। দুই মাজার জিয়ারতের সময় তারা দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন।

মাজার জিয়ারতের সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, জেএসডি সভাপতি আসম আবদুর রব, সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, নাগরিক ঐক্যর আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রমুখ।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, দুই আওলিয়ার মাজার জিয়ারতের পর হোটেলে বিশ্রাম শেষে সমাবেশে যোগ দেবেন নেতারা।

এর আগে গতকাল মঙ্গলবার এশার নামাজের পর হযরত শাহজালাল রহ. এর মাজার জিয়ারত করেন ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। । এসময় ঐক্যফ্রন্ট নেতা ও গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু এবং ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুরসহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ বুধবার বেলা বেলা ২টায় সিলেটের রেজিস্টারি মাঠে শুরু হবে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ। পুলিশের বেঁধে দেওয়া ১৪ শর্ত মেনে এ সমাবেশ করা হচ্ছে। বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি থাকবেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন এবং প্রধান বক্তা থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া, ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতৃবৃন্দও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Share





Related News

Comments are Closed