Main Menu

ডা. সাখাওয়াত হাসান জীবন কারাগারে

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবনকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করেন তিনি। তবে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

তার বিরুদ্ধে ঢাকার রমনা, ডেমরা থানাসহ কয়েকটি থানায় মামলা রয়েছে। এসব মামলাতে সম্প্রতি উচ্চ আদালতে জামিনের আবেদন জানালে সেখান থেকে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশনা দেয়া হয়।

এরই প্রেক্ষিতে তিনি বুধবার নিম্ন আদালতে আত্মসমর্পণ হয়ে জামিন আবেদন জানান। আদালত আবেদন মঞ্জুর না করে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

সিলেট জেলা ও মহানগর বিএনপির নিন্দা
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত ডা. শাখাওয়াত হোসেন জীবনকে ‘মিথ্যা ও গায়েবী’ মামলায় কারাগারে প্রেরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগরের সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ূম জালালী পংকি, জেলার সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বলেন, ‘সাজানো ও মিথ্যা গায়েবী মামলায় ডা. শাখাওয়া হোসেন জীবনের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। জনগণ থেকে বিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকারের আজ্ঞাবহ পুলিশ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের ওপর গায়েবী মামলা দিচ্ছে। এসব মামলায় বিএনপি নেতাকর্মীদের আটক করে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন দমানো যাবেনা।’

নেতবৃন্দ অবিলম্বে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়া হোসেন জীবনের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।

এদিকে, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ডা. সাখাওয়াত হাসান জীবনকে কারাগারে প্রেরণের নিন্দা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এক বিবৃতিতে দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম ও কলিম উদ্দিন মিলন এ নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে তার মুক্তির দাবিও করেন।
বিবৃতিতে সেলিম ও মিলন বলেন, ‘সরকারের রাজনৈতিক ধ্বস আসন্ন তাই মিথ্যা মামলা দিয়ে আন্দোলন নসাৎ করতে চায়। যে কারণে নেতাকর্মীদের গ্রেফতারের মাধ্যমে আতংক সৃষ্টি করছে।’
অবিলম্বে সাখাওয়াত হাসান জীবনের মুক্তির দাবিও করেন তারা।

Share





Related News

Comments are Closed