Main Menu

আরপিও সংশোধন হলে সীমিত আকারে ইভিএমের ব্যবহার হবে: সিইসি

বৈশাখী নিউজ ডেস্ক: গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধিত হলে আগামী নির্বাচনে সীমিত আকারে ইভিএমের ব্যবহার হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

শুক্রবার বিকেলে সিলেটে উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ইভিএম সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দেশের ৬৪ জেলায় এর প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রাজনৈতিক দলের সদস্যদের ইভিএম প্রদর্শনী ঘুরে দেখার পরামর্শ দেন তিনি।

নির্বাচনের শিডিউল কবে নাগাদ ঘোষণা করা হতে পারে এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সিদ্ধান্ত এখনো হয়নি। সবার সহযোগিতায় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ সময় সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান, পুলিশ সুপার মনিরুজ্জামান এবং সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শামসুল আলমসহ পদস্থ কর্মকর্তারা তার সাথে ছিলেন।

সিলেট নগরীর আলীয়া মাদ্রাসা মাঠে চলমান উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টলে ইভিএমের মাধ্যমে প্রতীকী ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ শেষে ফলাফলও ঘোষণা করেন সিইসি।

তিনদিনব্যাপী এ উন্নয়ন মেলা বৃহস্পতিবার সকালে শুরু হয়।

সিইসি নুরুল হুদা আজ সিলেটে অবস্থান করবেন। শনিবার তাঁর সুনামগঞ্জ যাওয়ার কথা রয়েছে।

এর আগে শুক্রবার দুপুরে বিমানযোগে সিলেটে আসেন প্রধান নির্বাচন কমিশনার।

 

 

Share





Related News

Comments are Closed