Main Menu

দুর্ঘটনায় বীমা সুবিধা পাবেন পাঠাও চালক-আরোহী

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রধান ও জনপ্রিয় রাইড শেয়ারিং অ্যাপ পাঠাও বাংলাদেশ এবার চালক এবং ব্যবহারকারীদের জন্য ইন্সুরেন্স সেবা চালু করেছে। রাইডার (বাইক চালক), ক্যাপ্টেন (গাড়ি চালক) এবং ব্যবহারকারী সবাইকে নিরাপদে রাখতে এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে পাঠাও কাজ করে যাচ্ছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

চুক্তি অনুযায়ী দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পাঠাওর চালক ও যাত্রীদের ডটলাইন বাংলাদেশের আইআর ইন্স্যুরেন্স ব্র্যান্ড কার্নিভালের অধীনে কাস্টমাইজ ইন্স্যুরেন্স দেওয়া হবে।

পাঠাও থেকে জানানো হয়, ট্রিপের সময় দুর্ঘটনাজনিত মৃত্যুর জন্য এক লাখ টাকা এবং আহত হয়ে অক্ষম হলে এক লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হতে হলে ৫০ হাজার টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। ডটলাইন বাংলাদেশের সার্বিক সহায়তায় ক্ষতিপূরণের টাকা দেবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।

অনুষ্ঠানে জানানো হয়, দুর্ঘটনার পর ১৫ থেকে ৬০ দিনের মধ্যে বীমা সুবিধা দাবি করতে পারবেন চালক ও যাত্রীরা। এজন্য পাঠাও অ্যাপের হিস্টোরিতে গিয়ে রিপোর্ট ইস্যু বাটনে ক্লিক করে দুর্ঘটনাগ্রস্তরা বীমা দাবি জানানো যাবে।

ডটলাইন বাংলাদেশ লিমিটেডের সিইও হাসান মেহেদী এবং পাঠাও লিমিটেডের সিইও হুসেইন এম ইলিয়াস নিজ নিজ কোম্পানির পক্ষ থেকে চুক্তিতে স্বাক্ষর করেন। পাঠাও লিমিটেডের সিটিও সিফাত আদনান, ভিপি অব রাইডস কিশোর হাশমিসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এই সময় উপস্থিত ছিলেন।

পাঠাও এর সিইও হুসেইন এম ইলিয়াস বলেন, ‘আমাদের এই প্লাটফর্ম ব্যবহারকারী সকলের জন্যে বিশ্বস্ত এবং নিরাপদ সেবা প্রদান করাই পাঠাওয়ের লক্ষ্য।’

ডটলাইন বাংলাদেশ লিমিটেডের সিইও হাসান মেহেদী বলেন, ‘পাঠাও বাংলাদেশের আরেকটি অগ্রণী উদ্যেগের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করতে পেরে আমরা খুবই আনন্দিত। পাঠাও ইকোসিস্টেমের সকল ব্যবহারকারীদের জন্যে কার্নিভাল অ্যাসিউর একটি মৌলিক কাস্টমাইজ ইন্সুরেন্সের প্ল্যান তৈরি করেছে।’

Share





Related News

Comments are Closed