Main Menu

হবিগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে ডাকাতি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বাসার লোকজনকে বেঁধে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে গেছে।

সোমবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটায় নিউ মুসলিম কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। আহত অবস্থায় পিংকি আক্তার (২০)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার বাসিন্দা আশরাফুজ্জামান ফাহিম আয়ারল্যান্ড প্রবাসী। ৩য় তলা বাসার ২য় তলায় তার স্ত্রী পিংকি আক্তার, মা এবং ১ বোন বসবাস করতেন। রাতে মুখোশধারী ডাকাতদল জানালার গ্রীল কেটে ভেতরে প্রবেশ করে। এ সময় নারীরা চিৎকার দেয়ার চেষ্টা করলে ডাকাতদল পিংকিকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরী আঘাত করে।

এতে তার হাতের ৪টি আঙ্গুলের রগ কেটে যায়। ডাকাতদল চলে গেলে আহত মহিলাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

পরিবারের সদস্যরা জানান, ডাকাতেরা ঘরে থাকা নগদ প্রায় ৩ লাখ টাকা এবং ১৫ ভরি স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে যায়।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান ঘটনাস্থল
পরিদর্শন করেন। এছাড়াও পুলিশের কয়েকটি টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও কাউকে গ্রেফতার করতে পারেনি।

ওসি শহিদুর রহমান জানান, ডাকাতদের ধরতে পুলিশ প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে এ ধরণের ঘটনা এড়াতে পুলিশ কঠোর ভূমিকায় অবস্থান করবে।

হবিগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ডাঃ কামরুল ইসলাম জানান, ধারালো অস্ত্রের আঘাতে মহিলার ৪টি আঙ্গুলের রগ কেটে যায়। যে কারণে তাকে ঢাকায় যেতে বলা হয়েছে।

Share





Related News

Comments are Closed