Main Menu

৬ষ্ঠ শ্রেণির ১৬ বই ডিজিটাল হলো

বৈশাখী নিউজ ডেস্ক: ৬ষ্ঠ শ্রেণির জন্য ১৬টি ইন্টারএকটিভ পাঠ্যবই তৈরি করা হয়েছে। বইগুলোতে অডিও, ভিডিও, টেক্সট এবং এ্যানিমেশন ব্যবহার করা হয়েছে। এতে বিষয়বস্তু শিক্ষার্থীদের কাছে আকর্ষনীয় ও আনন্দদায়ক হবে। সহজে এসব বই থেকে তারা কাঙ্খিত পাঠ গ্রহণ করতে পারবে। ফলে শিক্ষার্থীদের শিখন স্থায়ী হবে। জানালেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ‘ইন্টারএকটিভ ডিজিটাল টেক্সটবুকের (আইডিটি)’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

নাহিদ বলেন, এর আগে নবম-দশম শ্রেণির ৬টি বইয়ের ই-লানিং ম্যাটেরিয়াল তৈরি করা হয়েছে। সেসিপ প্রকল্পের আওতায় ৭ম শ্রেণির ৬টি এবং ৮ম শ্রেণির ৬টি ইন্টারএকটিভ ডিজিটাল বই তৈরি প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি বলেন, ইন্টারএকটিভ ডিজিটাল টেক্সটবুক (আইডিটি) শিশুদের পাঠ গ্রহণে সহায়ক খুব হবে। আইডিটি শিক্ষার্থীদের সহজে বুঝতে ও শিখতে যেমন সহায়তা করবে, তেমনি শিক্ষকদের জন্যও এটি সহায়ক হবে।

শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহারে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার অনেক বৃদ্ধি পেয়েছে। ভর্তি ও ফলাফল প্রকাশসহ শিক্ষা মন্ত্রণালয়ের অনেক কার্যক্রম পেপারলেস হয়েছে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারয়ণ চন্দ্র সাহার সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, এশীয় ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর মনমোহন পারকাশ এবং টিচিং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট-২ প্রকল্পের পরিচালক মো. জহির উদ্দিন প্রমুখ।

Share





Related News

Comments are Closed