Main Menu

বাংলাদেশ-শ্রীলঙ্কার প্রীতি ফুটবল ম্যাচ ২৯ আগষ্ট

Manual1 Ad Code

মোঃ রিমন চৌধুরী, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ ঘিরে জেলা জুড়ে সাজসাজ রব পড়েছে। আগামী ২৯ আগষ্ট বিকালে এই ম্যাচ অনুষ্ঠিত হবে।
প্রায় সাড়ে ২০ হাজার দর্শক ধারন ক্ষমতার নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে এই খেলার টিকেট আগামীকাল রবিবার হতে মঙ্গলবার (২৬, ২৭, ২৮ আগষ্ট) পর্যন্ত পাওয়া যাবে জেলার বিভিন্ন বানিজ্যিক ব্যাংকে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন জানান, আগামী ৪ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হবে দক্ষিণ এশিয়ার বিশ্বকাপখ্যাত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। তবে এর আগেই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ আগামী ২৯ আগস্ট অনুষ্ঠিত হবে নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে। এ জন্য সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের নিয়ম-কানুন অনুসারে খেলাটি অনুষ্ঠিত হবে।
বাফুফের (বাংলাদেশ ফুটবল ফেডারেশন) সহযোগীতায় এই প্রীতি ফুটবল ম্যাচের টিকেট জেলার সকল বানিজ্যিক ব্যাংকে ২৬ হতে ২৮ আগষ্ট পর্যন্ত পাওয়া যাবে। টিকেটের মূল্য রাখা হয়েছে ৩৬৯ সিটের ভিআইপি গ্যালারীর জন্য ১০০০ টাকা করে। সাধারন গ্যালারীর মহিলাদের ১ হাজার সিট ও পুরুষদের ১৯ হাজার সিটের জন্য ১০০ টাকা করে নির্ধারন করা হয়েছে।
তবে সংরক্ষিত মহিলা গ্যালারীর টিকিট ও ভিআইপি টিকিট শেখ কামাল স্টেডিয়াম ভবন থেকে সংগ্রহ করা যাবে।
তিনি আরো জানান এই খেলার সাধারন (পুরুষদের) টিকেট পাওয়া যাবে দি ফারমার্স ব্যাংক লিঃ নীলফামারী শাখা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নীলফামারী শাখা, পূবালী ব্যাংক লিঃ নীলফামারী শাখা, অগ্রণী ব্যাংক লিঃ নীলফামারী শাখা, ঢাকা ব্যাংক লিঃ সৈয়দপুর শাখা, সোনালী ব্যাংক লিঃ জলঢাকা শাখা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ডোমার শাখা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কাজীরহাট শাখা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক টেংগনমারী হাট শাখা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গোড়গ্রাম শাখা ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক যাদুরহাট শাখায়।
এদিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে নীলফামারী জেলা পুলিশ সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছে।
পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, আন্তর্জাতিক বাংলাদেশ ও শ্রীলংকার মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচের জন্য তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে খেলা ঘিরে। আর্চওয়ে দিয়ে প্রবেশ করা ছাড়াও শরীর তল্লাশি করে ঢুকতে দেয়া হবে দর্শকদের। এছাড়া পানির বোতল, ব্যাগ নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন না দর্শকরা। খেলায় সকল প্রকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন রাখতে জেলা পুলিশ বাহিনীর সঙ্গে র‌্যাব-১৩ ও ৫৬ বিজিবি সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছে।
নীলফামারী জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন বলেন, নীলফামারীতে এর আগে কখনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এবারই প্রথম। যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় সেজন্য সবারই সহযোগিতা প্রয়োজন। ম্যাচটির ফলে উপকৃত হবে নীলফামারীর ক্রীড়াঙ্গন তথা ক্ষুদে খেলোয়াড়রা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code