‘গুজব’ ছড়ানোর অভিযোগে ২ শিক্ষার্থী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক ‘গুজব’ ছড়ানোর অভিযোগে ২ শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাকৃতরা হলেন- আহমাদ হোসাইন (১৯) এবং নাজমুস সাকিব (২৪)।
মঙ্গলবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিট।
বুধবার (১৫ আগস্ট) তাদের বিরুদ্ধে পল্টন থানায় তথ্য-প্রযুক্তি আইনে মামলা হয়েছে। মামলা নম্বর-২৪।
বিকেলে সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিটের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শারমিন জাহান জানান, গ্রেফতারকৃত দুজনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন উস্কানিমূলক পোস্ট ছড়িয়ে শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করেছে। তথ্য-প্রযুক্তির সহায়তা নিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ধরনের বিভ্রান্তি যারা ছড়াচ্ছেন তাদের আইনের আওতায় আনতে কাজ করছে সিআইডি।
জানা গেছে, আহমাদ হোসাইন নোয়াখালীর কবিরহাটের আতাউর রহমানেরে ছেলে। আর নাজমুস সাকিবের বাবার নাম জহির উদ্দিন বাবর। তার বাসা পূর্ব রাজাবাজারে।সাকিব ঢাকার ইউল্যাব বিশ্ববিদ্যালয় ও আহমাদ কামরাঙ্গীরচরের জামিয়া নুরিয়া মাদ্রাসার শিক্ষার্থী।
উল্লেখ্য, বাসচাপায় দুই কলেজশিক্ষার্থী নিহতের ঘটনায় গত ২৯ জুলাই নিরাপদ সড়কের দাবিতে স্কুল-কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামলে অচল হয়ে পড়ে রাজধানী ঢাকা। টানা ৯ দিন ব্যাপী শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী আহত হয়।
এসময় পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে দুটি মামলায় বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২২ শিক্ষার্থীক গ্রেফতার করা হয়। রিমান্ড শেষে তারা এখন কারাগারে আছেন।
শিক্ষার্থীদের আন্দোলন যখন তুঙ্গে ঠিক তখনই ‘গুজব’ ছড়ানোর অভিযোগে গ্রেফতার করা হয় আলোকচিত্রী শহিদুল আলম ও অভিনেত্রী কাজী নওশাবা আহমেদকে।
এর মধ্যেই সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে বুয়েটের এক ছাত্রকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযোগে ঢাকার ইডেন কলেজের শিক্ষার্থী ও কোটা সংস্কার আন্দোলনের নেতা লুৎফুন নাহার লুমাকে সিরাজগঞ্জে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
Related News
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More



Comments are Closed