আলোকচিত্রী শহিদুল আলম ৭ দিনের রিমান্ডে
বৈশাখী নিউজ ডেস্ক: দৃকের প্রতিষ্ঠাতা ও প্রখ্যাত আলোকচিত্রী ড. শহিদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (০৬ আগস্ট) বিকেলে রাজধানীর রমনা থানায় দায়ের হওয়া তথ্যপ্রযুক্তির একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আসাদুজ্জামান নূর ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রমনা থানায় দায়ের করা মামলায় শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘ভীতি ও সন্ত্রাস’ ছড়াতে ইন্টারনেটে ‘কল্পনাপ্রসূত উসকানিমূলক মিথ্যা’ তথ্য প্রচারের অভিযোগ আনা হয়েছে দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুলের বিরুদ্ধে।
এর আগে রোববার (৫ আগস্ট) রাতে ধানমন্ডির বাসা থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে শহিদুলকে তুলে নেওয়ার অভিযোগ করেন তার পরিবারের সদস্যরা। একই অভিযোগে গণমাধ্যমে বিবৃতিও দেয় দৃক গ্যালারি।
পরে সোমবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, শহিদুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। পরে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে দুপুরে তাকে আদালতে হাজির করানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে শহিদুল আলমের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলাটি করেন।
এদিকে বিকেল সাড়ে ৫টার দিকে কড়া নিরাপত্তা ও পুলিশি পাহারার মধ্যে খালি পায়ে শহিদুলকে এজলাসের সামনে আনা হয়।
ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া, অ্যাডভোকেট প্রকাশ রঞ্জন বিশ্বাস, জীবানন্দ চন্দ্র জয়ন্তসহ ১০-১২জন আইনজীবী শহিদুলের পক্ষে জামিন আবেদনের শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন।
অন্যদিকে শহিদুল আলমের স্ত্রী রেহনুমা জানান, চলমান ছাত্র বিক্ষোভ নিয়ে শহিদুল সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন। ফেসবুকেও বিভিন্ন সময় লাইভে এসে কথা বলেন তিনি।
Related News
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More



Comments are Closed