দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: কোটা সংস্কার আন্দোলনের ৩ দফা এবং নিরাপদ সড়কের জন্য ৯ দফা দাবিতে শনিবার (৪ আগষ্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে কোটা সংস্কার আন্দোলনের নেতারা।
শুক্রবার বিকাল ৫টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে এক সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
এতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক বিন ইয়ামিন মোল্লা লিখিত বক্তব্য দেন।
তিনি বলেন, শনিবার সকাল থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোনো ক্লাস-পরীক্ষা হবে না এবং কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের গাড়ি চলাচল করবে না।
নিরাপদ সড়কের দাবিতে সারা দেশে কোমলমতি শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ঢাকার মিরপুর, দনিয়া এবং নারায়ণগঞ্জ, নোয়াখালী, চাঁদপুরসহ দেশের বিভিন্ন জায়গায় পুলিশ এবং সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে সব স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে ধর্মঘট ঘোষণা করা হলো।
লিখিত বক্তব্যে বলা হয়, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ধর্মঘট কর্মসূচিতে দেশের সব সচেতন শিক্ষার্থী, শিক্ষক ও নাগরিকদের অংশগ্রহণ করার অনুরোধ করছি।
সংবাদ সম্মেলনে বলা হয়, ‘কোটা সংস্কার আন্দোলনকারীরা তিন দফা দাবি দিয়েছে। পাশাপাশি নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা ৯ দফা দাবি দিয়েছে। সরকারকে অনুরোধ করি আপনারা দাবিগুলো মেনে নিন।’
আপনাদের আন্দোলনে রাজনৈতিক দলের ইন্ধন আছে কি না জানতে চাইলে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক বলেন, ‘এটি আমাদের অধিকার আদায়ের আন্দোলন। আজই যদি আমাদের দাবি মেনে নেওয়া হয় তাহলে আমরা আমাদের আন্দোলনও বন্ধ করে দেব। আমাদের আন্দোলনে কোনো রাজনৈতিক দলের ইন্ধন নেই।’
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন যুগ্ম-আহ্বায়ক মোজাম্মেল মিয়াজী ও জালাল আহমেদ। এতে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনের স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তি বিলি করা হয়।
গত ২৯ জুলাই দুপুরে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে বিমানবন্দর সড়কে বাসচাপায় রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। ওইদিন জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়।
নিহতরা হলো দিয়া খানম মীম ও আব্দুল করিম। এ সময় বেশ কয়েকজন শিক্ষার্থী গুরুতর আহত হয়।
এ ঘটনায় রাজপথে নেমে ৯ দফা দাবি জানায় শিক্ষার্থীরা। গত পাঁচ দিন ধরে শিক্ষার্থীরা রাজধানীতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে।
বুধবার (১ আগস্ট) বিকেলে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বৃহস্পতিবার (২ আগস্ট) সারাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি ঘোষণা করে। এরপরও বৃহস্পতিবার শিক্ষার্থীরা আন্দোলন করে।
নিহত দুই পরিবারকে ২০ লাখ টাকা করে সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed