Main Menu

কক্সবাজারে পাহাড় ধসে চার ভাই-বোনসহ নিহত ৫

বৈশাখী নিউজ ডেস্ক: ভারী বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারে চার ভাই-বোনসহ ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

বুধবার (২৫ জুলাই) ভোর রাতে কক্সবাজার শহরের রুমালিয়ারছড়ার বাঁচামিয়া ঘোনায় পাহাড় ধসে একই পরিববারের ৪ জন এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি পানেরছড়া এলাকায় একজন নিহতের ঘটনা ঘটে।

নিহতরা হলো, জামাল হোসেনের চার সন্তান আব্দুল হাই (৮), খাইরুন্নেছা (৬), কাফিয়া (১০) ও মর্জিয়া আক্তার (১৫)। একই ঘটনায় তাদের মাও গুরুতর আহত হয়েছেন। এছাড়া রামুতে পাহাড় ধসে জাগির হোসেনের ছেলে মোরশেদ আলম (৬) নিহত হয়েছে। এমসয় জাগির হোসেনও আহত হন। হতাহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল সত্যতা নিশ্চিত করে বলেন, রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে। এতে কক্সবাজার শহরের বাঁচামিয়া ঘোনায় চারজন ও রামুর দক্ষিণ মিঠাছড়িতে একটি শিশু নিহত হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কক্সবাজার জেলার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক কাজি আব্দুর রহমান বলেন, ‘আমিসহ জেলা প্রশাসনের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করবো। নিহত পরিবারগুলোকে ২০ হাজার করে টাকা প্রদান করা হবে।’

এদিকে, কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, গত দুইদিন ধরে ভারী বৃষ্টি হচ্ছে। গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ২২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ভূমি ধস ও বন্যার আশঙ্কা করা হচ্ছে। সাগর উত্তাল রয়েছে।

Share





Related News

Comments are Closed