Main Menu

গোয়াইনঘাট ও লাখাইয়ে দুই গৃহবধূর আত্মহত্যা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোয়াইনঘাটে রাজনা বেগম (১৯) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি উপজেলার লুনী গ্রামের সুহেল মিয়ার স্ত্রী।

এ ঘটনায় প্ররোচণার দায়ে নিহতের মা ছয়দুন নেছা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে শনিবার রাতে অভিযান চালিয়ে নিহত রাজনা বেগমের স্বামী সুহেল মিয়া ও শ্বশুর সালেহ উদ্দিনকে আটক করেছে থানা পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই মাস পূর্বে উপজেলার লুনী গ্রামের সালেহ উদ্দিন (ছালই) মিয়ার ছেলে সুহেল মিয়ার সাথে একই উপজেলার গোয়াইন গ্রামের হারুনুর রশিদের মেয়ে রাজনা বেগমের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর রাজনা বেগম জানতে পারে তার স্বামী সুহেল মিয়া এর আগে আরও একটি বিয়ে করেছিলেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মাঝে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এরই জের ধরে রাজনা বেগমের স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন চালিয়ে আসছিল। স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনের নির্যাতন সহ্য করতে না পেরে এক পর্যায়ে ২১ জুলাই শনিবার বসত ঘরের তীরের সাথে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে।

খবর পেয়ে থানার এস আই জুনেদ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন ও লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

এদিকে, হবিগঞ্জের লাখাই উপজেলায় পারিবারিক কলহের জের ধরে ইঁদুর নিধনের ওষুধ খেয়ে হাবিবা আক্তার (৩২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

রবিবার (২২ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলার বামৈ পশ্চিম গ্রামে এই ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী এবং একই উপজেলার জিরুন্ডা গ্রামের সোহরাব হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, আনুমানিক ১২ বছর পূর্বে হাবিবার সাথে বিয়ে হয় আলমগীর হোসেনের। এরপর থেকে তাদের সংসার ভালই চলছিল। তাদের ঘরে এক কন্যা সন্তানেরও জন্ম হয়। সম্প্রতি তাদের সংসারে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এর জের ধরে রবিবার বেলা ১২টার দিকে হাবিবা ঘরে থাকা ইঁদুর নিধনের ওষুধ ‘বুলেট’ সেবন করেন। বিষয়টি জানাজানি হলে পরিবারের লোকজন তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক ডা. মিঠুন রায় জানান, হাবিবাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরান হোসেন জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করেছেন হাবিবা। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

Share





Related News

Comments are Closed