Main Menu

২৮ জুলাই থেকে সি‌লেট-সুনামগঞ্জ সড়কে ধর্মঘটের ডাক

ছাতক প্র‌তি‌নি‌ধি: সুনামগঞ্জের সকল ধরনের গনপরিবহনের শ্রমিকরা আগামী ২৮ জুলাই থেকে সি‌লেট-সুনামগঞ্জ মহাসড়‌কে অনির্দিষ্টকালের ধর্মঘট আহবান করেছে সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
শ্র‌মিকরা জানান, জেলা সড়ক পরিবহন মালিক- শ্রমিক ঐক্য পরিষদের ২৩জন শ্রমিক দীর্ঘ‌দিন যাবৎ ছাতকে লাফার্জ হোলসিম বাংলাদেশ (লাফার্জ সুরমা সিমেন্ট) কারখানার নিজস্ব যানবাহনে পরিবহন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু তাদেরকে মৌখিক চুক্তিতে রেখে দিনের পর দিন ন্যায্য পাওনা থেকে বঞ্চিত রাখে এ কোম্পানী।
পরিবহন শ্রমিকরা তাদের চাকুরির নিয়োগপত্র বাস্তবায়ন করার দাবি জানিয়ে আসলেও তাদের দাবির বিষয়টি আমলে নেয়নি লাফার্জ কর্তৃপক্ষ। ২০১৩ সালের ৯ ডিসেম্বর নিজেদের অধিকার বাস্তবায়নের দাবী‌তে চট্টগ্রাম ২য় শ্রম আদালতে ২৩টি মামলা (নং ৩০ থেকে ৫২) (আইআর) দায়ের করেন এসব পরিবহন শ্রমিকরা। এ মামলার পর ২০১৪ সালে কোন কারণ না দেখিয়ে আদালতের কাছে বিচার চাওয়া ২৩ পরিবহন শ্রমিককে একযোগে ছাটাই করে দেয় লাফার্জ কর্তৃপক্ষ। পাশাপাশি কোম্পানির পক্ষ থেকে আদালতে মামলা খারিজের আবেদন করেন।
শুনানী শেষে আদালত ২০১৪ সালের ১০ মার্চ শ্রমিকদের মামলার বিপরিতে লাফার্জের মামলা খারিজের আবেদনটি নামঞ্জুর করেন। কিন্তু আদালতের এ আদেশের বিরুদ্ধে লাফার্জ সুরমা সিমেন্ট কর্তৃপক্ষ আবারও ঢাকা শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল মামলা (নং ৭২ থেকে ৯৪) দায়ের করে।
আপিল চলাকালীন অবস্থায় আদালত ২০১৪ সালের ১০ এপ্রিল আপিল নিষ্পত্তি না হওয়া অব্দি শ্রমিকদের সকল সুযোগ-সুবিধা বহাল রাখার আদেশ প্রদান করে। এ আদেশের বিরুদ্ধেও লাফার্জ সুরমা সিমেন্ট (লাফার্জ হোলসিম বাংলাদেশ) কোম্পানী হাইকোর্ট বিভাগে ২০১৪ সালে একটি রিট মামলা (নং ৩৫৩৯) দায়ের করে। কিন্তু আপিল ট্রাইব্যুনালে শুনাণী শেষে পরিবহন শ্রমিকদেরকে সুযোগ-সুবিধা দেয়ার জন্য নিম্ন আদালতের দেয়া রায় বহাল রাখেন ট্রাইব্যুনাল।
তবুও আদালতের এসব রায় কে তোয়াক্তা করেনি লাফার্জ কর্তৃপক্ষ। শ্রমিকদের ন্যায্য পাওনা না দেয়ার পক্ষেই তারা তাদের ইচ্ছে অনুযায়ি সিদ্ধান্ত নিতে থাকে। সর্বশেষ আপিল ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধেও আবারও এই কোম্পানী ২০১৪ সালেই হাইকোর্ট বিভাগে আরও একটি রিট মামলা (নং- ৮৬৭২ থেকে ৮৬৯৪) দায়ের করে। এই রিট মামলায় ২০১৭ সালের ৩০ মার্চ রুল ডিসচার্জ করে ও ভেগেট করে মূল মামলাগুলো দ্রুত নিষ্পত্তির নির্দেশসহ লাফার্জের করা ২০১৪ সালের রিট মামলা (নং৩৫৩৯) ননপ্রসিকিউশন হেতুতে ডিসচার্জ করে দেন আদালত।
পরে পুনরায় মুল মামলা চালুসহ শ্রমিকরা তাদের বেতন-ভাতা পরিশোধের জন্য চট্টগ্রাম ২য় শ্রম আদালতে আবেদন করলে ২০১৭ সালের ২৮ আগস্ট লাফার্জ হোলসিম কর্তৃপক্ষ কর্তৃক অন্যায়ভাবে চাকরিচ্যুত করা ২৩ পরিবহন শ্রমিককে বেতনভাতা প্রদানসহ চাকুরিতে যোগদানের আদেশ প্রদান করে।
শ্রমিকদের ন্যায্য পাওয়া না দিয়ে এই কোম্পানী আবারও ২০১৮ সালে আদালতের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আরও একটি রিট মামলা (নং ৮৩১) দায়ের করে। পাশাপাশি শ্রমিকরাও তাদের অধিকার পেতে রীট মামলাটি স্থগিত আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে লিভ টু আপিল মামলা (নং ১১৭৩) দায়ের করে। শুনানী শেষে আদালত চলতি বছরের ১১ মার্চ পরিবহন শ্রমিকদের সকল সুবিধা বহাল রাখার আদেশ প্রদান করেন।
এরপর লাফার্জ একই কোর্টে আদেশ মর্টিফিকেশন চেয়ে আবেদন করলে তা গ্রহণ করা হয়। পরবর্তীতে চলতি বছরের ২০ মে মহামান্য প্রধান বিচারপতির কোর্টের ফুল ব্রাঞ্চ শ্রমিকদের পক্ষে চেম্বার জজ এর আদেশ বহাল রাখেন। কিন্তু এই আদেশকেও তোয়াক্তা করছেনা ছাতকে লাফার্জ সুরমা সিমেন্ট (লাফার্জ হোলসিম বাংলাদেশ) কারখানা কর্তৃপক্ষ। আদালত অবমাননা করে পরিবহন শ্রমিকদের ন্যায্য পাওনা না দেয়ার পক্ষেই অটল লাফার্জ।
তখন অব্দি চাকুরিতে ফিরতে না পারায় মানবেতর জীবন যাপন করছেন ২৩জন পরিবহন শ্রমিক। তাদের অধিকার বাস্তবায়নে আদালতের আদেশ মেনে নেয়ার দাবি জানিয়েছেন সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। তারা এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে রোববার সকা‌লে এক‌টি স্মারকলিপি দা‌য়ের ক‌রে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আলহাজ মোজাম্মেল হক, মহা সচিব জনাব নুরুল হক, জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল কবির, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস ছামাদ, সাধারন সম্পাদক নুর উদ্দীন, ইমা লেগুনা ড্রাইভার্স শ্রমিক ইউনিয়নের সভাপতি মছন মিয়া, অটো টেম্পু অটো রিক্সা শ্রমিক ইউনিয়বের আহবায়ক বুরহান উদ্দীন, লাফার্জ পরিবহন শ্রমিক সংগ্রাম কমিঠির সভাপতি খালেদ মিয়া সহ বিভিন্ন পরিবহন শ্রমিকগন।
এ বিষয়ে লাফার্জ পরিবহন সংগ্রাম কমিটির সভাপতি মো. খালেদ মিয়া বলেন ‘ আমরা কোম্পানীর বেশকিছু গাড়ি চালাতাম, তারা আমাদেরকে চাকুরি দিয়েছে অনেকদিন, কিন্তু চাকুরি নামমাত্র, কোন নিয়োগপত্র দিতে নারাজ তারা, আমরা আমাদের অধিকার চেয়েছি, কিন্তু তারা উল্টো পরিবহন শ্রমিকদের উপর প্রভাব বিস্তার করতে থাকে। এক সময়ে আমাদেরকে চাকুরি থেকে অমানবিকভাবে ছাটাই করে দেয়। আমরা আদালতের কাছে বিচার চেয়েছি, আদালত বার বার আমাদের পক্ষে রায় দিয়েছেন, কিন্তু লাফার্জ আদালত মানে না, আদালতের আদেশকে পাত্তাই দেয় না, এখন আমরা আন্দোলনে যাচ্ছি’।
২২ জুলাই সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উ‌দ্দ্যো‌গে সুনামগঞ্জ জেলা প্রশাস‌কের বরাব‌রে অধিকার বঞ্চিত এই ২৩ পরিবহন শ্রমিকের পক্ষে আদালতের রায়ের বাস্তবায়ন দাবিতে এক স্বারকলিপি দেয়া হয়। স্মারলিপিতে তারা উল্লেখ করেন আগামি ২৭ জুলাইয়ের ম‌ধ্যে দাবি মানা না হলে ২৮ জুলাই থে‌কে সি‌লেট-সুনামগঞ্জ মহাসড়‌কে সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট পালন করা হবে।
এ ব্যাপা‌রে সংগঠনটির মহাসচিব মো. জুয়েল মিয়া জানান ‘২৩জন শ্রমিককে অন্যায়ভাবে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে লাফার্জ, আদালত বারবার শ্রমিকদের পক্ষে রায় দিলেও আদালতকে বার বার অবমাননা করেছে লাফার্জ । সুপ্রিমকোর্টের রায়কেও তারা মানতে নারাজ, তারা নিজেদের ক্ষমতা দেখাতে মরিয়া, আদালতকেও তারা মানে না, আমরা এই ২৩জন পরিবহন শ্রমিকের অধিকার চাই, আদালত যে রায় দিয়েছেন তা আগামী ২৭ জুলাইয়ের মধ্যে বাস্তবায়ন চাই, দাবী না মান‌লে সি‌লেট-সুনামগঞ্জ মহাসড়‌কে ২৮ জুলাই সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ‌পালন করা হবে।
এ বিষয়ে ছাতকে অবস্থিত লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড (লাফার্জ সুরমা সিমেন্ট) কারখানার এডমিন অ্যসিসটেন্ট ম্যানেজার ইয়াকুব আলী খানের ব্যক্তিগত মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে সংযোগটি বন্ধ পাওয়া যায়।

Share





Related News

Comments are Closed