Main Menu

মাধবপুরে প্রেমিকাকে খুনের অভিযোগে প্রেমিক আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের মাধবপুরে মনিলা মারতী মনি (১৮) নামের এক কলেজছাত্রীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে কলেজছাত্র অনিল সাওতাল (২৫) কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১৮ জুলাই) তাঁকে হবিগঞ্জের আদালতে সোপর্দ করলে বিচারক তাকে কারাগারে প্রেরণ করেন।

এর আগে মঙ্গলবার (১৭ জুলাই) রাতে মনিলার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর পরপরই গ্রেপ্তার করা হয় অনিলকেও।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন জানান, উপজেলার সুরমা চা বাগানের মাহঝিল ডিভিশনের সুরেশ সাওতালের মেয়ে ও মাধবপুর ডিগ্রী কলেজের একাদশ ২য় বর্ষের ছাত্রী মনিলা মারতী মনির সাথে প্রেমের সম্পর্ক ছিল একই গ্রামের কুদনা সাওতালের চেয়ে বৃন্দাবন সরকারি কলেজে ডিগ্রী ২য় বর্ষের ছাত্র অনিল সাওতাল (২৫) এর। এরই মধ্যে অন্ত:স্বত্বা হয়ে পড়ে মনিলা। এক পর্যায়ে মনিলা তার অনাগত সন্তানের পিতৃ পরিচয় এবং তাকে বিয়ে করার জন্য চাপ দেয় অনিলকে। এরপর ১৩ জুলাই থেকে নিখোঁজ হয় মনিলা। পরবর্তীতে মঙ্গলবার (১৭ জুলাই) তার মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। মনিলাকে বিয়ে করা থেকে বিরত থাকার উদ্দেশ্যেই অনিল এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানান তিনি।

এএসপি নাজিম উদ্দিন আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে অনিল জানিয়েছে, মনিলাকে সে ফুসলিয়ে পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে এবং অনিলকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed