Main Menu

রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর রূপনগরে বাস-লেগুনার সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। মঙ্গলবার (১৭ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে রূপনগরের বিরুলিয়া বেড়িবাঁধে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- লেগুনা চালক হান্নান (২২), শিশু তাওহীদ (১০) ও অজ্ঞাতনামা (৬৫) এক ব্যক্তি।

রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজ জানান, ঢাকা থেকে মায়ের দোয়া নামের যাত্রীবাহী বাস সাভার যাওয়ার পথে এবং সাভার থেকে একটি যাত্রীবাহী লেগুনা ঢাকা যাওয়ার পথে রূপনগর এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়।

উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম  জানান, খবর পেয়ে আমরা দ্রুত এসে ১৫ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। লেগুনার ড্রাইভার আটকা পড়লে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. শাহ-আলম জানান, মিরপুরের বিরুলিয়া বেড়িবাঁধ এলাকায় বাস-লেগুনা সংঘর্ষের ঘটনায় তাৎক্ষণিক আহতদের মধ্যে থেকে গুরুতর চারজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক লেগুনা চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। অপরজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি বলেন, নিহতদের মধ্যে তাওহীদ নামে ১০ বছরের একটি শিশু রয়েছে। শিশুটির বাবা মুক্তার হোসেনও আহত হয়েছেন। তিনি মিরপুর সেলিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় এ দুর্ঘটনার শিকার হন তিনি।

Share





Related News

Comments are Closed