Main Menu

শাবিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

হাবিবুল হাসান, শাবি প্রতিনিধি: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছে। শুক্রবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ মুজতবা আলী হলের পাশের টিলায় এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো: ওমর ফারুক।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জহীর উদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন তাৎক্ষণিতভাবে ঘটনাটি জালালাবাদ থানায় জানিয়েছি। সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আহত শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায়—নিজ বিভাগের জুনিয়রের সাথে বিকাল ৪টার দিকে সৈয়দ মুজতবা আলী হলের পাশের টিলায় ঘুরতে বের হন। বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে সেখান থেকে ফেরার পথে পাঁচ যুবক তাদের পথরোধ করে। এক পর্যায়ে ওমর ফারুকের সাথে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয় এবং তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে ওমর ফারকের বাম হাতের তালুতে আঘাত লেগে রক্তক্ষরণ হয়। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের পাশে নয়াবাজার এলাকার এক ফার্মেসি হতে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম স্বপন বলেন, ‘আমরা ঘটনাটি জেনেছি। তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।’ ছিনতাইকারীদের ধরতে পুলিশের দুইটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed