Main Menu

প্রতীক পেয়েই প্রচারে নেমেছেন প্রার্থীরা

বৈশাখী নিউজ ২৪ ডটকম : আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক পাওয়ার পর হযরত শাহজালাল (রহ) মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনি প্রচার শুরু করেছেন বিএনপির মেয়র পদপ্রার্থী আরিফুল হক চৌধুরী ও আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান। এছাড়া বাকি ৫ মেয়র পদপ্রার্থী, মহানগরীর ২৭টি ওয়ার্ডের ১২৭ জন সাধারন কাউন্সিলর ও ৬২ জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার শুরু করেছেন।

মঙ্গলবার (১০ জুলাই) সকালে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

শাহজালাল (রহ.) মাজার জিয়ারত করার পর বদরউদ্দিন আহমদ কামরান, আরিফুল হক চৌধুরী, বদরুজ্জামান সেলিম দরগাহসহ আশপাশ এলাকায় প্রচার শুরু করেন।

নির্বাচন অফিস থেকে জানা গেছে, সাবেক মেয়র কামরান লড়বেন দলীয় প্রতীক নৌকা, বিএনপির প্রার্থী আরিফুল হক লড়বেন ধানের শীষ, নাগরিক কমিটি মনোনীত প্রার্থী বদরুজ্জামান সেলিম পেয়েছেন বাসগাড়ি, মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের পেয়েছেন টেবিল ঘড়ি, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন পেয়েছেন হাতপাখা, সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর মই ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের পেয়েছেন হরিণ প্রতীক।

সিলেট আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের তথ্য প্রদানকারী কর্মকর্তা প্রলয় কুমার প্রতীক বরাদ্দের বিষয়টি নিশ্চিত করে বলেন, উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের প্রতীক নিয়ে নির্বাচনি প্রচার শুরু করেছেন। তবে তাদেরকে নির্বাচনি আচরণ বিধি মেনে প্রচার চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

 

বিএনপির মেয়র পদপ্রার্থী আরফিুল হক নগরের শাহী ইদগাহে মিতা কমিউনিটি সেন্টারে নির্বাচনি কার্যালয় করেছেন। এছাড়া আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী বদরউদ্দিন আহমদ কামরান নগরীর মির্জাজাঙ্গাল এলাকায়, জামায়াত প্রার্থী এহসানুল মাহবুব জুবায়ের নগরের সাপ্লাই এলাকায়, নাগরিক কমিটির প্রার্থী বদরুজ্জামান সেলিম নগরের শাহী ঈদগাহ এলাকায় নির্বাচনি কার্যালয় করেছেন।

Share





Related News

Comments are Closed