Main Menu

যশোরে ২ পাইলটসহ প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

বৈশাখী নিউজ ডেস্ক : যশোরে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। রোববার (১ জুলাই) রাতে যশোর সদর উপজেলার বুকভরা বাওড়ের মধ্যে বিমানটি পড়ে যায়। তবে বিরূপ আবহাওয়া ও রাতের কারণে বিমানের প্রকৃত অবস্থান এখনো জানা যায়নি।

যশোর বিমান বন্দরের ব্যবস্থাপক আলমগীর পাঠান বলেছেন, রাত ৯টা ২০মিনিটে যশোরের মতিউর রহমান বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণ বিমান উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পর সেটি যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে আছড়ে পড়ে যায়। বিমানে দুইজন পাইলট ছিলেন। এখনো তাদের কোনো খবর পাওয়া যায়নি।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি আবুল বাশার মিয়া জানান, যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামের বুকভরা বাওড়ের মধ্যে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান পড়ে যাওয়ার খবর তারা পেয়েছেন। খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলের উদ্দেশে যাত্রা করেছে।

বিমান বাহিনী সূত্র জানিয়েছে, তাদের প্রশিক্ষণ বিমান টাওয়ার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই বিমানের খবর এখনো পাওয়া যায়নি। তবে বিধ্বস্তের ব্যাপারে বিমান বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে, চান্দুটিয়া বাজারের ব্যবসায়ী শ্যামল কুমার সিংহ মোবাইলে জানান, রাত সাড়ে ৯টার দিকে তিনি বাজারে ছিলেন। এ সময় প্রচণ্ড একটি শব্দ শুনে তারা অনেকেই আরিচপুর বাজার সংলগ্ন বুকভরা বাওড়ে ছুটে যান। দূর থেকে তারা দেখতে পান একটি বিমানের কিছু অংশ বাওড় পাড় থেকে ২-৩শ’ মিটার দূরে পানিতে ভাসছে।

তিনি বলেন, তাদের অনেকেই নৌকায় করে বিমানটির কাছে গেছেন। কিন্তু কোনো মানুষের সন্ধান তারা পাননি। তবে গোটা এলাকা পেট্রোলজাতীয় জ্বালানির গন্ধে ভরে উঠেছে। প্রচণ্ড বৃষ্টি আর অন্ধকারের কারণে কোনোকিছু ঠিকভাবে দেখাও যাচ্ছে না।

দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিসুর রহমান বলেন, স্থানীয় বুকভরা বাওড়ে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।

Share





Related News

Comments are Closed