Main Menu

ঢলের পানিতে সিলেটের বিস্তীর্ণ জনপদ প্লাবিত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ৩দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের চারটি উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গবাদি পশুর মৃত্যুসহ বসতঘর ও অনেক ফসলি জমি নষ্ট হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি সকল পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদ-নদীর প্রতিরক্ষা বাঁধ ভেঙে আউশ ফসল, সবজি খেতসহ চার উপজেলার পাঁচ ইউনিয়নের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

সিলেট জেলার কানাইঘাট, জকিগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বিস্তীর্ণ জনপদ ও ফসলী জমি তলিয়ে গেছে পানির নিচে। এদিকে সিলেট-কানাইঘাট সড়কের দরবস্ত এবং গোয়াইনঘাট-সারিঘাট সড়কের সারিঘাট অংশ পানিতে তলিয়ে যাওয়ায় এসব সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, সুরমা নদীর পানি সিলেটে ২২ সেন্টিমিটার, কানাইঘাটে ২ দশমিক ৬ মিটার এবং কুশিয়ারা নদীর পানি বিয়ানীবাজারের শেওলায় ৯৪ সেন্টিমিটার ও শেরপুরে বিপদসীমার ১৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিপজ্জনক অবস্থায় রয়েছে প্রতিরক্ষা বাঁধের অন্তত ২০টি এলাকা।

সিলেটের জেলা প্রশাসক নুমেরী জামান জানান, সীমান্তের ওপারে টানা বৃষ্টিপাতের কারণে ঢলে এই প্লাবন। আগামী ২-১ দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে। বৃষ্টি কমলে পানি নামতে শুরু করবে।

Share





Related News

Comments are Closed