হবিগঞ্জে সাংবাদিককে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জে ইউকে ভিত্তিক সংবাদ মাধ্যম চ্যানেল এস এর সাংবাদিক সিরাজুল ইসলাম জীবনকে ‘মিথ্যা অভিযোগে’ রাতভর বেধড়ক মারপিট করেছে পুলিশ। পরে তাকে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকেলে হবিগঞ্জ সদর মডেল থানার সামনে বিক্ষোভ করেছে জেলায় কর্মরত সকল সাংবাদিক।
সিরাজুল ইসলাম জীবনের বোন পারভীন আক্তার জানান, বৃহস্পতিবার (৩১ মে) দিবাগত রাত ২টার দিকে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানে গিয়ে ধাক্কা দেয় পুলিশ। এসময় ভেতরে থাকা জীবনের ছোট ভাই আজিজুল ইসলাম দোকানের সাটার খুলে দেয়। পুলিশ ভেতরে ঢুকেই তাদের হাতে থাকা একটি প্যাকেট দেখিয়ে মাদকসেবী হিসেবে তাকে আটক করে।
খবর পেয়ে পার্শ্ববর্তী বাসা থেকে জীবনসহ পরিবারের অন্যান্যরা ছুটে এসে বিষয়টি চ্যালেঞ্জ করলে তাদের সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তাদেরকে লাঠিপেটা করে পুলিশ। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অতিরিক্ত পুলিশ এসে তাদেরকে থানায় নিয়ে আসে। তারপরই এসআই রকিবুলের নেতৃত্বে তাদেরকে বেধড়ক মারপিট করা হয়।

আদালত প্রাঙ্গণে জীবন জানান, তাদের চোখ বেধে একনাগাড়ে মারধোর করা হয়েছে। এক পর্যায়ে পায়খানার রাস্তায় মোমবাতি দিয়ে ছ্যাকা দিয়েছে পুলিশ। পরে তাকে সদর আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সেখানে তার আঘাতের কারণ লেখা হয় গণপিটুনি।
তবে পুলিশের দাবি, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে তারা ওই দোকানে অভিযান চালিয়েছিল। সেখান থেকে ১০ পিস ইয়াবাসহ আজিজুলকে গ্রেফতার করা হলে জীবন তাতে বাধা দেন। রাতভর নির্যাতনের অভিযোগ অস্বীকার করে তারা।
এদিকে, এ খবর ছড়িয়ে পড়লে দুপুর আড়াইটায় হবিগঞ্জ প্রেসক্লাবে জরুরি বৈঠকে বসেন সাংবাদিকরা। এসময় তারা অবিলম্বে জীবনের মুক্তি ও এ ঘটনার সাথে সম্পৃক্ত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেন। পরে বিকেলে সদর মডেল থানার সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে সাংবাদিকরা।
Related News
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More



Comments are Closed