Main Menu

রাজশাহীতে বজ্রপাতে শিশুসহ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বজ্রপাতে শিশু আব্দুল্লাহ (৭) ও সেলিম (৩০) নামের এক কৃষকসহ একটি মহিষের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বেলা দেড়টার দিকে উপজেলার মোহনপুর ইউনিয়নের চান্দলাই ও গোদাগাড়ী ইউনিয়নের শিমলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার চান্দলাই গ্রামের আব্দুল গনির ছেলে শিশু আব্দুল্লাহ ও শিমলা গ্রামের ময়েজ আলীর ছেলে সেলিম।

নিহতের স্বজনরা জানিয়েছেন, বাড়ির বাইরে খেলাধুলা করার সময় বজ্রপাতে শিশু আব্দুল্লাহ নিহত হয়। অন্যদিকে সকালে বাড়ির পাশে ধান ক্ষেতে কাজ করার সময় সেলিম বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্বজনরা মরদেহ নিয়ে যান।

এ সময় উপজেলার ওবাইদুর রহমানের ছেলে খৈবুর রহমান (৩৬) ও শ্রী নগেনের ছেলে শ্রী কৃষণ শীল বজ্রপাতে আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

গোদাগাড়ী মডেল থানার ওসি (তদন্ত) আলতাব হোসেন জানান, বজ্রপাতের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) শিমুল আকতার বলেন, নিহত দু’জনের পরিবারকে উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ২০ হাজার করে ৪০ হাজার টাকা ও আহত দু’জনের পরিবারকে ৫ হাজার করে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

Share





Related News

Comments are Closed