লাফার্জ সিমেন্ট কারখানার দূষণ তদন্তে কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে লাফার্জ সিমেন্ট কারখানার মাধ্যমে ফসলী জমির মাটি কাটা ও পরিবেশের কী দূষণ হচ্ছে, তা তদন্তে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এই কমিটি গঠন করেন। একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এই কমিটি গঠন করেন আদালত।
পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়েছে। অধিদপ্তরের সিলেটের পরিচালক এবং সুনামগঞ্জের জেলা প্রশাসককে এই কমিটির সদস্য করা হয়েছে।
কমিটিকে ৯০ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
আদেশে লাফার্জ সিমেন্ট কারখানা কর্তৃক ফসলী জমির মাটি কাটা এবং নদীর পানি ও বায়ু দূষণ রোধে কেন ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
পরিবেশ সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, সুনামগঞ্জের জেলা প্রশাসক, ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) রুলের জবাব দিতে বলা হয়েছে। চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, রাফসান-আল-আলভি ও আশিকুজ্জামান ইনজু।
রাফসান-আল-আলভি গণমাধ্যমকে জানান, সুনামগঞ্জের ছাতক উপজেলার ট্যাঙ্গারগাঁও গ্রামে লাফার্জ সুরমা কারখানার সিমেন্ট উৎপাদন হয়। এই কারখানার জন্য এলাকায় ফসলী জমির মাটি কাটা হচ্ছে।
এ ছাড়া ওই এলাকার বায়ু দূষণের ফলে সাধারণ মানুষের শ্বাস প্রশ্বাসে সমস্যা হচ্ছে এবং সুরমা নদীর পানি দূষিত হচ্ছে। ভারতের মেঘালয়ে লাফার্জ-সুরমা সিমেন্ট কারখানার উৎপাদন ২০১০ সালে বন্ধ করে দেওয়া হয়েছে।
এসব কারণ দেখিয়ে গত ১২ মার্চ স্থানীয় ‘সিবিক এনভায়রনমেন্টাল অ্যান্ড ইয়ুথ ফোরাম’ নামে একটি নাগরিক সংগঠন রিটটি দায়ের করে। সেই রিটের পরিপ্রেক্ষিতেই আদালত আজ কমিটি গঠন করে ও রুল দেয়।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed