Main Menu

গাজীপুর সিটি নির্বাচন ২৬ জুন

বৈশাখী নিউজ ডেস্ক: সীমানা সংক্রান্ত জটিলতায় স্থগিতাদেশ কাটিয়ে গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) ভোটগ্রহণের জন্য আগামী ২৬ জুন নতুন তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১৩ মে) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশন সভা শেষে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

এসময় কমিশন সভায় নির্বাচন কমিশনার, অতিরিক্ত সচিব, যুগ্মসচিব পর‌্যায়ের কর্মকর্তাসহ রিটার্নিং কর্তকর্তা রকিবউদ্দীন মণ্ডল, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. তরিফুজ্জামান উপস্থিত ছিলেন।

সভার বরাত দিয়ে ইসি সচিব সাংবাদিকদের বলেন, ‘গাজীপুর সিটি করপোরেশনের ভোটের কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটের তারিখ পুননির্ধারণ করা হয়। সিদ্ধান্ত হয়েছে, ২৬ জুন জিসিসি’র ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে ১৮ জুন থেকে নতুন করে প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।’

এক রিট আবেদনের প্রেক্ষিতে ভোটের ৯ দিন আগে গত ৬ মে সীমানা সংক্রান্ত জটিলতার কারণ দেখিয়ে ৩ মাসের জন্য গাজীপুর সিটি ভোটে স্থগিতাদেশ দেয় উচ্চ আদালত। পরে আপিল বিভাগ এ স্থগিতাদেশ স্থগিত করে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার যুগ্মসচিব (চলতি দায়িত্ব) ফরহাদ আহাম্মদ খান জানান, আদালতের আদেশ প্রতিপালন করতে হবে। কোনো ধরনের পর্যবেক্ষণ থাকলেও তা ভোটর আগে সম্পন্ন করা হবে।

তিনি বলেন, ‘ভোটের কার্যক্রম বন্ধের পর থেকে ১৭ জুন পর্যন্ত কোনও ধরনের প্রচারণা করতে পারবেন না প্রার্থীরা। কেউ প্রচারণার চেষ্টা করলে আচরণবিধি লঙ্ঘিত হবে। এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করবে রিটার্নিং কর্মকর্তা।’

Share





Related News

Comments are Closed