প্রজ্ঞাপন না হলে রোববার থেকে ফের আন্দোলন
বৈশাখী নিউজ ডেস্ক: আগামীকাল বৃহস্পতিবারের (১০ মে) মধ্যে কোটা বাতিলের প্রজ্ঞাপন না হলে আগামী রোববার (১৩ মে) থেকে প্রতিটি কলেজ-বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন।
বুধবার (৯ মে) মানববন্ধন কর্মসূচিতে তিনি এ ঘোষণা দেন।
এদিন কোটা বাতিলের প্রজ্ঞাপনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় বিক্ষোভ শেষে টিএসসি এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, স্লোগান দিয়ে তারা এ কর্মসূচি পালন করেন।
এর আগে, গতকাল মঙ্গলবার (৮ মে) আজকের মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান বলেছিলেন, “ছাত্র সমাজের সঙ্গে চক্রান্ত শুরু হয়েছে। আমরা বলে দিতে চাই ছাত্র সমাজ কোনও চক্রান্ত মেনে নিবে না। আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) অতি দ্রুত প্রজ্ঞাপন জারি করে ছাত্র সমাজকে শান্ত করুন। তারা এখন ক্ষুব্ধ। নতুবা তারা আবার রাজপথে নেমে আসবে। আমাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ ও অহিংস। সামনে যে আন্দোলন চলবে সেটিও শান্তিপূর্ণ হবে। আমরা বঙ্গবন্ধুর অহিংস আন্দোলনের চেতনায় বিশ্বাসী।”
গত সোমবার (৭ মে) মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম জানিয়েছিলেন, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল বা সংস্কারের বিষয়ে কোনো অগ্রগতি নেই। তার এ বক্তব্যের পর মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতারা।
উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। এরইমধ্যে প্রধানমন্ত্রী সংসদে কোটা বাতিলের ঘোষণা দিয়েছেন। আন্দোলনের এক পর্যায়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সঙ্গে বসে আন্দোলনকারীরা ৭ মে পর্যন্ত সময় নিয়েছিলেন। কিন্তু কোটা বাতিল বা সংস্কারের সরকারি প্রজ্ঞাপন না হওয়ায় আবারো আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed