Main Menu

কোটার প্রজ্ঞাপন দাবিতে কর্মসূচি ঘোষণা

বৈশাখী নিউজ ডেস্ক: কোটা বাতিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা প্রজ্ঞাপন আকারে বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। কোটা পদ্ধতি সংস্কারে সরকার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত রাজপথে আবারও আন্দোলন চলবে বলে ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৮ মে) বেলা ১১টা ১৫ মিনিটের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এক সংবাদ সম্মলনে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক রাশেদ খান।

কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বুধবার সকাল ১১টায় সারাদেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজে একযোগে মানববন্ধন পালিত হবে। কেন্দ্রীয় কর্মসূচি পালিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে।

যুগ্ম-আহ্বায়ক নুরুল্লাহ নূর বলেন, ছাত্রসমাজ আন্দোলন ছেড়ে ক্লাসে চলে গেছে। প্রজ্ঞাপন জারি না হলে আবারও তারা আন্দোলনে আসবেন। আমাদের দেয়া সময়সীমা শেষ হয়েছে। এখনো কমিটি হয়নি, প্রজ্ঞাপন জারি হয়নি। বুধবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করতে হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক রাশেদ খান, যুগ্ম-আহ্বায়ক নুরুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে চারদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের প্রায় সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করেন। পরদিন সচিবালয়ে দেড় ঘণ্টারও বেশি সময় ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক করেন আন্দোলনকারীরা।

বৈঠক শেষে মন্ত্রী বলেন, আন্দোলনকারীদের সঙ্গে তাদের অত্যন্ত সুন্দর আলোচনা হয়েছে। আমরা তাদের বলেছি- আগামী ৭ মের মধ্যে সরকার বিদ্যমান কোটার বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করবে। সেই পর্যন্ত আন্দোলন স্থগিত থাকবে।

এ সময় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনও ৭ মে পর্যন্ত তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন।

 

 

Share





Related News

Comments are Closed