Main Menu

রাজধানীতে বিএনপির ১৭ নেতাকর্মী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বাংলামোটরের একটি ভবনে বৈঠক করার সময় বিএনপির ১৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশের দাবি, গোপন বৈঠকের অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া নেতাকর্মীরা বাংলামোটরের রূপায়ন টাওয়ারের একটি অফিস কার্যালয়ে বসে বৈঠক করছিলেন।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার রোববার সন্ধ্যায় বলেন, গোপন বৈঠকের অভিযোগে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক নেতাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ, জ্যেষ্ঠ সহসভাপতি শামসুল হুদা, সহসভাপতি ইউনুছ মৃধা, যুগ্ম সম্পাদক কে এম জোবায়ের, আলমগীর হোসেন, আ ন ম সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম।

বিএনপি সূত্র জানায়, খালেদা জিয়ার মুক্তির দাবিতে কর্মসূচির প্রস্তুতি ও গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীর প্রচারে কৌশল ঠিক করতে ঢাকা মহানগর বিএনপির নেতারা বাংলামোটরে একটি ভবনে বৈঠকে বসেন। বৈঠক শুরুর কিছুক্ষণ পরই পুলিশ তাঁদের আটক করে।

এ ঘটনার প্রতিক্রিয়ায় রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারাবন্দী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে চলমান আন্দোলনকে দমন করার উদ্দেশ্যেই বিএনপিসহ বিরোধীদলীয় নেতা-কর্মীদের ওপর জুলুম চালানো হচ্ছে এবং গ্রেপ্তার করা হচ্ছে।

সারা দেশে বিরোধীদলীয় নেতা-কর্মীদের গ্রেপ্তারের ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন বিএনপি মহাসচিব।

Share





Related News

Comments are Closed