Main Menu

কোম্পানীগঞ্জে ৫ শ্রমিক নিহতের ঘটনায় ৪ জন কারাগারে

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগে পাথর কোয়ারিতে ৫ শ্রমিক নিহত হওয়ার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদসহ চারজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ এপ্রিল) সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালতের বিচারক কাজী আব্দুল হান্নান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
কারাগারে পাঠানো আসামিরা হলেন- কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদ, উপজেলার দক্ষিণ কোনাবাড়ির মাসুক মিয়া, তানভির আহমদ ওরফে কনাই এবং ফজলুল করীম ওরফে কালাই।
এর আগে আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। মঙ্গলবার (১৭ এপ্রিল) জামিনের মেয়াদ শেষ হলে তারা আদালতে হাজির হন। পরে আদালত তাদের কারাগারে পাঠান।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান বলেন, “কালাইরাগে গত ২৫ ফেব্রুয়ারি রাতে পাথর উত্তোলন করার সময় ৫ শ্রমিক নিহত হওয়ার ঘটনার মামলায় চারজন মঙ্গলবার আদালতে হাজির হলে আদালত তাদের কারাগারে পাঠান। এর আগে তারা উচ্চ আদালতের জামিনে ছিলেন।”
জানা যায়, উপজেলার সীমান্তবর্তী ১২৫১ সীমান্ত পিলার সংলগ্ন কালাইরাগ কোয়ারিতে অবৈধভাবে গর্ত করে দীর্ঘদিন ধরে পাথর উত্তোলন করা হচ্ছিল। রাতে জেনারেটর চালিয়ে আলী আমজদের নেতৃত্বে এই পাথর উত্তোলন করা হতো। কোয়ারি এলাকায় ৪০/৫০ ফুট গভীর গর্ত করে শ্রমিকরা ঝুঁকি নিয়ে পাথর উত্তোলনকালে গত ২৫ ফেব্রুয়ারি রাতে গর্তের পাড় ধসে ৫ শ্রমিক নিহত হন। এ ঘটনায় পরদিন ২৬ ফেব্রুয়ারি রাতে নিহত পাথর শ্রমিক আতাবুরের ছেলে নাছির মিয়া বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

Share





Related News

Comments are Closed