Main Menu

মৌলভীবাজারে হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন

বৈশাখী নিউজ ডেস্ক:  মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হারুন অর রশিদ হত্যা মামলায় দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৭ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, বড়লেখা উপজেলার পুকুরিয়া গ্রামের আব্দুল বারির ছেলে আছার উদ্দিন (৩০) এবং একই গ্রামের মৃত আব্দুল মুতালিবের ছেলে সমজ আলী (২০)। রায় ঘোষণার সময় সাজাপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর দুই আসামি বদরুল ইসলাম ও হারুনকে খালাস দিয়েছেন আদালত।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৩ মে বড়লেখা উপজেলার ছাতারখাই গ্রামের আব্দুল শুক্কুরের পুকুরের পাড় থেকে একই গ্রামের আব্দুল আহাদের (চুনু মিয়া) ছেলে হারুন অর রশিদের মরদেহ উদ্ধার করা হয়। ২৬ মে চুনু মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বড়লেখায় থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে অনুসন্ধানে আছার উদ্দিন ও সমজ আলীর নাম উঠে এলে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এরপর তারা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর কৃপাসিন্ধু দাশ জানান, ২০০৬ সালের ২৩ মে আছার উদ্দিন এবং হারুন অর রশিদের মধ্যে টাকা নিয়ে বাক-বিতণ্ডা হয়। এরপর আসামিরা হারুনকে গলায় রশি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এলাকায় প্রচারণা চালায় রশিদ আত্মহত্যা করেছে। পরে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকায় আসামি আছার উদ্দিন, সমজ আলী, বদরুল ইসলাম এবং হারুনকে গ্রেপ্তার করে।

সাক্ষীদের জবানবন্দি শেষে আছার উদ্দিন ও সমজ আলী দোষী সাব্যস্ত হওয়ায় মঙ্গলবার দুপুরে বিচারক তাদের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। এছাড়া তাদের ২৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

Share





Related News

Comments are Closed