Main Menu

বিজিবির নতুন ডিজি মেজর জেনারেল সাফিনুল

বৈশাখী নিউজ ডেস্ক : মেজর জেনারেল মো. সাফিনুল ইসলামকে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’এর মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার। তিনি এতদিন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

সীমান্তরক্ষী বাহিনীতে তিনি মেজর জেনারেল আবুল হোসেনের স্থলাভিষিক্ত হচ্ছেন। অবসরের সময় ঘনিয়ে আসায় গত ৮ মার্চ আবুল হোসেনকে বিজিবি থেকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। তার ১২ দিন পর মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বিজিবিতে নতুন মহাপরিচালক নিয়োগের প্রজ্ঞাপন হল।

সাফিনুলকে সরিয়ে আনায় একই প্রজ্ঞাপনে চা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে সেনাবাহিনীর আরেক কর্মকর্তা মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানকে নিয়োগ দেওয়া হয়।

এতে বলা হয়, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) এই দুই কর্মকর্তাকে বদলি করে প্রেষণে নিয়োগ/প্রেষণে পদ থেকে প্রত্যাহার করে তার চাকরি জননিরাপত্তা বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয়ের ন্যস্ত করা হল।

৫১ বছর বয়সী সাফিনুল ইসলাম এনডিসি, পিএসসি ২০১৭ সালের ১৮ ফেব্রুয়ারি চা বোর্ডে যোগ দিয়েছিলেন। ১৯৬৬ সালে জয়পুরহাটে জন্ম নেওয়া সাফিনুল ১৯৮৪ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে যোগ দেন। ১৯৮৬ সালে কমিশন পান তিনি।

তিনি মিরপুরের স্টাফ কলেজ থেকে ডিফেন্স সার্ভিস কমান্ডে স্নাতক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। দেশে ও দেশের বাইরে পেশাগত বিভিন্ন কোর্সেও অংশ নেন তিনি। এক ছেলে ও এক মেয়ের জনক সাফিনুল শিকার ও ভ্রমণ পছন্দ করেন; খেলতে ভালোবাসেন গলফ।

Share





Related News

Comments are Closed