ফয়জুলের বন্ধু সোহাগ ৭ দিনের রিমান্ডে
বৈশাখী নিউজ ডেস্ক: জনপ্রিয় লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার মামলায় ফয়জুলের বন্ধু সোহাগ মিয়াকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
সিলেটের মুখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালত সোমবার (১৯ মার্চ) দুপুরে সোহাগ মিয়ার এ রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সোমবার ভোররাতে নগরীর কালীবাড়ি আবাসিক এলাকা থেকে সোহাগ মিয়েকে গ্রেপ্তার করে জালালাবাদ থানা পুলিশ। সোহাগ হামলাকারী ফয়জুলের বন্ধু। রোববার আদালতে ফয়জুলের দেওয়া জবানবন্দির ভিত্তিতে সোহাগকে গ্রেপ্তার করা হয় বলে জানান মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ আবদুল ওয়াহাব মিয়া।
পরে দুপুরে তাকে সিলেট মহানগর মূখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান। পরে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।
রিমান্ডের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) অমূল্য ভূষণ চৌধুরী।
প্রসঙ্গত, গত ৩ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ফয়জুল ছুরি নিয়ে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালায়। হামলার পরপরই ফয়জুলকে ধরে ফেলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে র্যাব তাকে উদ্ধার করে পুলিশের হাতে হস্তান্তর করে।
কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাফর ইকবালকে প্রথমে নেওয়া হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে অস্ত্রোপচার শেষে রাতেই তাকে পাঠানো হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে।
এ ঘটনায় ফয়জুলসহ অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে পরদিন সিলেটের জালালাবাদ থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পরে গত বৃহস্পতিবার (৮ মার্চ) আদালতে হাজির করে ফয়জুলের ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন মামলার তদন্তকারী কর্মকর্তা জালালাবাদ থানার ওসি শফিকুর রহমান। আদালতের বিচারক হরিদাস কুমার ১০ দিনেরই রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে গত রোববার (১১ মার্চ) মামলার তদন্তের স্বার্থে হামলাকারী ফয়জুল হাসানের বাবা মাওলানা আতিকুর রহমানকে ৫ দিনের, মা মিনারা বেগমকে ২ দিনের ও মামা ফজলুর রহমানকে ৫ দিনের রিমান্ডে নেয় পুলিশ।
পরে হামলাকারী ফয়জুলের ভাই এনামুলকেও গাজীপুর থেকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের একটি দল। এসময় তার কাছে থাকা ফয়জুলের ব্যবহৃত মোবাইল ফোন ও ট্যাব উদ্ধার করে পুলিশের বিশেষ এ ইউনিট।
পরে এনামুলকে সিলেটের মহানগর হাকিম-৩ আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান। শুনানি শেষে আদালতের বিচারক হরিদাস কুমার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে হত্যার উদ্দেশ্যে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালায় বলে রোববার বিকেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ফয়জুল।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed