Main Menu

১০দিনের রিমান্ড শেষে আদালতে ফয়জুলের স্বীকারোক্তি

বৈশাখী নিউজ ২৪ ডটকম: লেখক-কলামিস্ট অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুল হাসান ওরফে শফিকুর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
১০দিনের রিমান্ড শেষে রোববার (১৮ মার্চ) দুপুরে তাকে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতের বিচারক হরিদাস কুমারের আদালতে হাজির করা হয়। এখানে ফৌজদারী কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় ফয়জুল।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) ও জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম জানান, ১০ দিনের রিমান্ড শেষ হওয়ায় রবিবার বেলা ২টার দিকে ফয়জুলকে আদালতে হাজির করা হয়।
এর আগে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) শিক্ষক ও জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুলকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। গত ৮ মার্চ বৃহস্পতিবার দুপুরে সিলেট মহানগর হাকিম (তৃতীয়) হরিদাস কুমার এই আদেশ দেন। উল্লেখ্য, গত ৩ মার্চ বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মুক্তমঞ্চে একটি অনুষ্ঠান চলাকালে ফয়জুর ছুরি নিয়ে অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলা চালায়। হামলার পরপরই ফয়জুল নামে ওই তরুণকে ধরে ফেলে শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ ঘটনায় ফয়জুলের মামা ও চাচাকে আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী। ঘটনার দিন ৩ মার্চ রাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ইশফাকুল হোসেন জালালাবাদ থানায় হত্যাচেষ্টার অভিযোগ দায়ের করেন। পরদিন রোববার তা সন্ত্রাস দমন আইনের মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। এরপর থেকে পুলিশি হেফাজতে ছিলো ফয়জুল।

এর আগে ১০ দিনের রিমান্ড শেষ হওয়ায় তাকে আদালতে হাজির করা হয়। পরে বেলা দেড়টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিচারকের খাস কামরায় তার জবানবন্দী রেকর্ড করা হয়। জবানবন্দী রেকর্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

 

Share





Related News

Comments are Closed