Main Menu

সোমবার থেকে সিলেটে ‘দুই বাংলা নাট্য উৎসব’

বিনোদন ডেস্ক: সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের আয়োজনে আগামী ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত সিলেট নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে সপ্তাহব্যাপী ‘দুই বাংলা নাট্য উৎসব’। নাটক শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৭টায়। উৎসবে ভারতের কলকাতা এবং বাংলাদেশের ঢাকা ও সিলেটের নাট্যদলগুলো অংশ নেবে।
সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী এসব তথ্য জানিয়েছেন
তিনি বলেন, “দুই বাংলার সংস্কৃতির আদান-প্রদান জোরদারের লক্ষ্যে এই নাট্যোৎসব আয়োজন করা হচ্ছে। এই আয়োজনের ফলে সিলেটের নাট্যামোদী দর্শকরাও কলকাতা ও ঢাকার খ্যাতনামা নাট্যদলগুলোর নাটক দেখার সুযোগ পাবেন।”
সম্মিলিত নাট্য পরিষদ সূত্রে জানা গেছে, উৎসব শুরুর প্রাক্কালে ১৯ মার্চ কবি নজরুল অডিটোরিয়ামের মুক্তমঞ্চে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শুরু হবে ঐদিন বিকাল সাড়ে ৫টায়। এতে উৎসবের উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিশেষ অতিথি হিসাবে থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও কলকাতার নাট্য ব্যক্তিত্ব প্রবীর গুহ।
বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়, সিলেট সিটি কর্পোরেশন ও বিপিএল এর দল সিলেট সিক্সার্সের সহযোগিতায় আয়োজিত এই নাট্যোৎসবের প্রবেশপত্রের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। টিকেট পাওয়া যাবে শো শুরুর আগে হল কাউন্টারে।
উৎসবে যেসব নাটক প্রদর্শিত হবে, তার তালিকা নিচে উল্লেখ করা হলো-
১৯ মার্চ, ২০১৮ খ্রিস্টাব্দ, সোমবার অনুস্টিত হবে অল্টারনেটিভ লিভিং থিয়েটার, কলকাতার প্রযোজনায় লংমার্চ, রচনা : প্রবীর গুহ, পরিচালনা ও সংগীত : শুভদীপ গুহ।
২০ মার্চ, ২০১৮ খ্রিস্টাব্দ, মঙ্গলবার অল্টারনেটিভ লিভিং থিয়েটার, কলকাতা- প্রযোজনা তিতাস একটি নদীর নাম (অদৈত মল্ল বর্মণ এর উপন্যাস) নাট্যরূপ ও নির্দেশনা : প্রবীর গুহ সংগীত : শুভদীপ গুহ।
২১ মার্চ, ২০১৮ খ্রিস্টাব্দ, বুধবার ঢাকা থিয়েটার- প্রযোজনা ধাবমান, রচনা : সেলিম আল দীন নির্দেশনা : শিমুল ইউসুফ।
২২ মার্চ, ২০১৮ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার দিগন্ত থিয়েটার, সিলেট- প্রযোজনা প্যাজগী, রচনা : জে.বি.পি মলিয়র অনুবাদ : অপু আমান নির্দেশনা : দিবাকর সরকার শেখর।
২৩ মার্চ, ২০১৮ খ্রিস্টাব্দ, শুক্রবার কল্যানী নাট্য চর্চা কেন্দ্র, কলকাতা- প্রযোজনা নূরল দীনের সারাজীবন, রচনা : সৈয়দ শামসুল হক, সম্পাদনা ও নির্দেশনা : কিশোর সেনগুপ্ত।
২৪ মার্চ, ২০১৮ খ্রিস্টাব্দ, শনিবার কল্যানী নাট্য চর্চা কেন্দ্র, কলকাতা- প্রযোজনা ধ্রুবপুত্র (এক প্রেমসন্তপ্ত নগরীর মেঘবর্ষণের আখ্যান), উপন্যাস : অমর মিত্র
নাট্যরূপ ও নির্দেশনা : কিশোর সেনগুপ্ত।
২৫ মার্চ, ২০১৮ খ্রিস্টাব্দ, রবিবার বটতলা, ঢাকা- প্রযোজনা ক্রাচের কর্ণেল, রচনা : শাহাদুজ্জামান নাট্যরূপ : সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার নির্দেশনা : মোহাম্মদ আলী হায়দার।

Share





Related News

Comments are Closed