Main Menu

ফয়জুরের বাবা-মা ও মামা রিমান্ডে

বৈশাখী নিউজ ডেস্ক: জনপ্রিয় লেখক, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুর হাসানের বাবা আতিকুর রহমান, মা মিনারা বেগম ও মামা ফজলুর রহমানকে রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়াও পুলিশ জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় জালালাবাদ থানায় দায়েরকৃত মামলায় তাদের ৩জনকে গ্রেফতার দেখিয়েছে।
রোববার দুপুরে এই তিনজনকে আদালতে হাজির করে প্রত্যেককে সাত দিন করে রিমান্ড চাওয়া হলে সিলেট মহানগর হাকিম আদালতের বিচারক হরিদাস কুমার বাবা ও মামার ৫ দিনের এবং মায়ের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) বিষয়টি নিশ্চিত করেন জানান-পুলিশ ফয়জুর ও তার ভাই এনামুলের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে পুলিশ। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ তাদেরকে রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত রিমান্ড মঞ্জুর করেছেন। এ মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার একই আদালতে হামলাকারী ফয়জুর হাসানকে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

এদিকে, ঘটনার দিন শনিবার রাতে সিলেট শহরতলীর শেখপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয় ফয়জুলের মামা ফজলুর রহমানকে। তিনি সুনামগঞ্জ জেলার কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক বলে জানা গেছে। সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের সদস্য গিয়াস উদ্দিন জানান, ৩ মার্চ রাতে ফয়জুলের মামাকে জিজ্ঞাসাবাদের জন্য আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী আটক করে। পরদিন নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে ফয়জুলের বাবা ও মাকে আটক করা হয়।

গত ৩ মার্চ শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক অনুষ্ঠান চলাকালে হামলায় আহত হন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। এসময় হামলাকারী ফয়জুরকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।
এদিকে আহত ড. জাফর ইকবালকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এদিন রাতেই তাঁকে হেলিকপ্টার যোগে ঢাকায় সিএমএইচে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর অবস্থা এখন অনেকটাই উন্নতির দিকে বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed