ভিয়েতনামের সঙ্গে ৩ সমঝোতা স্মারক সই
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন ঢাকায় সফররত ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রাণ দাই কুয়াং। বৈঠকের পর দুই দেশের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ খাত, যন্ত্র প্রকৌশল খাতে সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময়ে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (৫ মার্চ) প্রধানমন্ত্রীর তেজগাঁওস্থ কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রাণ দাই কুয়াং-এর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এ স্মারক সই হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতার বিষয়ে ২০১২ সালে দুই দেশের মধ্যে সমঝোতা স্মারক হয়েছিল। সোমবার ওই স্মারক নবায়ন করা হয়েছে।
বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এবং ভিয়েতনামের কৃষি ও পল্লী উন্নয়ন মন্ত্রী নুয়েন জুয়ান সেউয়ং এই সমঝোতা স্মারকে সই করেন।
মেশিনারি ম্যানুফ্যাকচারিং খাতে সহযোগিতার জন্য বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ এবং ভিয়েতনামের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার কাও চুয়ক হুয়াং একটি সমঝোতা স্মারকে সই করেন।
আর সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি এগিয়ে নিতে বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান ও ভিয়েতনামের সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার ড্যাং থাই বিচ লিয়েন তৃতীয় সমঝোতা স্মারকে সই করেন।
এর আগে সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের টাইগার গেটে ফুলের তোড়া হাতে ভিয়েতনামের রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রাণ দাই কুয়াং গত রোববার তিনদিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে দুই দেশের মধ্যে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, প্রতিরক্ষা ও নিরাপত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে তিনি বাংলাদেশ সফরে এসেছেন।
গেলো ১৪ বছরে এটি ভিয়েতনামের কোনো প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর। ২০০৪ সালে দেশটির সাবেক প্রেসিডেন্ট ত্রাণ দাক লুয়ং সর্বশেষ বাংলাদেশ সফর করেন।
ভিয়েতনামের রাষ্ট্রপতি সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তাঁর সম্মানে রাষ্ট্রীয় ভোজ এবং একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
তিনদিনের সরকারি সফর শেষে ভিয়েতনামের রাষ্ট্রপতির মঙ্গলবার বিকেলে ঢাকা ছাড়ার কথা রয়েছে।
Related News
১৩ সিটি করপোরেশনে ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন শুরু সোমবার
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩টি সিটি করপোরেশনে সোমবার (২ নভেম্বর) থেকে ব্যাটারিচালিত তিন চাকার ই-রিকশারRead More
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More



Comments are Closed