Main Menu

এইচএসসি’তে আনা হচ্ছে দুই পরিবর্তন

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে এইচএসসি ও সমমান পরীক্ষায় দু’টি পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন। রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

প্রতিবছর এসএসসি ও এইচএসসি পরীক্ষায় দুই সেট প্রশ্নপত্র ছাপা হতো। এতে একটি ফাঁস হলে আরেকটি প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া যায়। রবিবারে বৈঠকে তিন থেকে চার সেট প্রশ্নপত্র করার সিদ্ধান্ত নেওয়া হয়।

দ্বিতীয় পরিবর্তন সম্পর্কে মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রতি বছর প্রশ্নপত্রের একটি প্যাকেট করা হতো। এবার দু’টি প্যাকেট করা হবে। এখন সিলগালা প্যাকেটের ওপর আরেকটি প্যাকেট থাকবে। এ বিষয়ে সচিব বলেন, ‘প্রশ্নপত্র বিতরণের সময় ডাবল প্যাকেট তৈরি করা হবে। পরীক্ষার নির্ধারিত সময়ের আগে কেউ প্রশ্নপত্রের প্যাকেট খুলে ফেললে যাতে তা সহজেই শনাক্ত করা যায়।’

সদ্য শেষ হওয়া এসএসসি পরীক্ষায় ধারাবাহিকভাবে এমসিকিউ প্রশ্নপত্র ফাঁস হয়। শিক্ষা মন্ত্রণালয় এই প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে নানা উদ্যোগ নিলেও প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ব্যর্থ হয়। এ পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগেরও দাবিও ওঠে। এ পরিস্থিতিতে আসন্ন এইচএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে রবিবার (২৫ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ে এক সভা ডাকা হয়। সভায় পরীক্ষার ক্ষেত্রে দু’টি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে অভিভাবকদের সচেতন করার সিদ্ধান্তও নেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, এবার এইচএসসি পরীক্ষা শুরুর আগে দেশের সব কলেজের অভিভাবক-শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হবে। সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে কী কী করণীয় সেসব বিষয় নিয়ে কলেজে বিতর্ক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

Share





Related News

Comments are Closed