Main Menu

শাহজালাল সার কারখানায় উৎপাদন বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক : ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ায় উৎপাদন বন্ধ করা হয়। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর সেচ মৌসুমে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এতে উৎপাদন বন্ধ থাকে। সরকারি নির্দেশনা আসলে আবারও উৎপাদন চালু হবে বলে জানিয়েছেন আঞ্চলিক বিপনন কার্যালয় ফেঞ্চুগঞ্জ এর ব্যবস্থাপক বিপ্লব কুমার বিশ্বাস।

তিনি বলেন, আজ সকাল থেকে উৎপাদন বন্ধ রয়েছে। সরকারি নির্দেশেই এটি বন্ধ করা হয়েছে। আবার সরকার থেকে নির্দেশনা আসলে এটি চালু হবে।

সেচ মৌসুমে সরকারের বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পায়। সেই চাহিদা পূরনের লক্ষেই এইরকম সিদ্ধান্ত হয়। এটি প্রতিবছরই এক দুবার করা হয়ে থাকে বলে জানিয়েছেন জালালবাদ গ্যাস ট্রান্সিমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌ. মো. শাহীনুর ইসলাম।

তিনি বলেন, সরকারের যখন বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পায়। অধিকতর বিদ্যুৎ প্রাপ্যতার জন্য বছরে এক দুবার তা বন্ধ করা হয়। সেটি ৫দিনও হতে পারে আবার ১০ দিনও হতে পারে।

দেশের বৃহত্তম সিলেটের ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানা। ২০১২ সালের ২৪ জুন এই সার কারখানায় ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই বছরের শুরুতে সার কারখানা নির্মাণের জন্য ১৫০ একর জমি অধিগ্রহণ করা হয়। চীন ও বাংলাদেশের যৌথ অর্থায়নে সার কারখানাটি নির্মাণে এর আগে ঢাকায় একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এটি নির্মাণে ব্যয় হয়েছে ৫৪০৯ কোটি টাকা। তন্মধ্যে চীন সরকার ও চীনের এক্সিম ব্যাংক দেয় ৩৯৮৬ কোটি টাকা। বাকি টাকা বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে দেয়া হয়।

উল্লেখ্য, শাহ জালাল সার কারখানায় প্রতিদিন ৩ কোটি টাকা মূল্যের ১,৭৬০ মেট্রিকটন ইউরিয়া উৎপাদন হয়ে থাকে।

Share





Related News

Comments are Closed