Main Menu

সিলেটে বিএনপি-ছাত্রদলের ৩৭ নেতাকর্মী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সিলেট আগমনের আগে জেলা ও মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও ছাত্রদলের ৩৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সকাল থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। এরমধ্যে সিলেট জেলা পুলিশের বিভিন্ন থানা এলাকা হতে ২৮জন এবং মহানগর পুলিশের ছয় থানা এলাকায় ৯জন নেতাকর্মীকে আটক করা হয়।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার শামসুল ইসলাম সরদার এ তথ্য নিশ্চিত করে জানান, বিশ্বনাথ ও কানাইঘাট ‍উপজেলায় চারজন করে আটজন, গোলাপগঞ্জে ৫ জন, ওসমানীনগর, জকিগঞ্জ, গোয়াইনঘাট, বালাগঞ্জে তিন জন করে ১২জন, বিয়ানীবাজারে ২ জন ও ফেঞ্চুগঞ্জে একজনকে আটক করা হয়েছে। আটককৃতরা বিএনপি-ছাত্রদলের নেতাকর্মী।

এছাড়া মহানগরীর ৬ থানা এলাকায় রাতভর অভিযান চালিয়ে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীসহ ৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের নামে পৃথক মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মুহম্মদ আব্দুল ওয়াহাব।

প্রসঙ্গত, আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়কে সামনে রেখে আজ সিলেটে হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরাণের (র.) মাজার শরীফ জিয়ারত করতে আসছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। মামলার রায়কে ঘিরে রাজধানীসহ সারাদেশেই বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় ও বাসায় বাসায় তল্লাশি চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় সিলেটেও অভিযান অব্যাহত রয়েছে।

Share





Related News

Comments are Closed