Main Menu

হবিগঞ্জে নির্মাণাধীন ছাদ ধ্বসে শ্রমিক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের অলিপুরে অবস্থিত প্রাণ কোম্পানির নির্মাণাধীন ভবনের ছাদ ধ্বসে ফিরোজ মিয়া (৩৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭ জন। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ফিরোজ মিয়া দীর্ঘদিন যাবত প্রাণ কোম্পানিতে নির্মাণ শ্রমিকের কাজ করত বলে জানা গেছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।

আহতরা জানান, হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে প্রাণ কোম্পানির ভেতরে একটি নির্মাণাধীন ছাদ বিকেলে ধ্বসে পড়ে। এ সময় ছাদের নিছে চাপা পড়ে ফিরোজ মিয়াসহ বেশ কয়েকজন শ্রমিক। তাৎক্ষণিক স্থানীয়রা লোকজন ও প্রাণ কোম্পানির অন্যান্য শ্রমিকরা এগিয়ে শ্রমিকদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে নিয়ে আসার পর ফিরোজ মিয়া নামের এক শ্রমিককে মৃত ঘোষণা করেন ডাক্তার।

আহতরা হলেন- সবুজ মিয়া (৩২), মিজানুর রহমান (২৮), মেহের মিয়া (২৯), রাজিব হোসেন (২১) ও শাহাদৎ মিয়া (৩২)। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রাণ কোম্পানির এডমিন সুমন আহমেদ নির্মাণাধীন ছাদ ধ্বসে এক শ্রমিক নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিকেল পৌনে ৫টার দিকে আশঙ্কাজনক অবস্থায় শাহাদৎ, মেহের মিয়া ও সবুজ মিয়াকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ত্রিলোক চাকমা জানান, এ ঘটনায় ফিরোজ মিয়া নামের এক শ্রমিক নিহত হয়েছে। এছাড়াও গুরুতর আহত ৩ জনকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed