Main Menu

ফেনীতে বাস খাদে পড়ে নিহত ৬

বৈশাখী নিউজ ডেস্ক: ফেনীতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ছয় জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞার আমিরগা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ খবর নিশ্চিত করেন।

ওসি আবুল কালাম আজাদ জানান, নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। তবে এদের মধ্যে কোনও নারী বা শিশু নেই। হতাহতদের বেশিরভাগই বাসযাত্রী। আহতরা দাগনভূঞা উপজেলা ও ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানায়, শাহী পরিবহনের একটি বাস চট্রগ্রাম থেকে নোয়াখালী যাচ্ছিল। দাগনভূঞার আমিরগা নামক স্থানে এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে হতাহতের এ ঘটনা ঘটে।

ফেনী আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসীম সাহা  বলেন, ‘আহতদের অধিকাংশের অবস্থা আশঙ্কাজনক। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’

দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইসাক মিঞা জানান, নিহতদের মৃতদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। আহতদের জরুরিভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে।-বাংলা ট্রিবিউন

Share





Related News

Comments are Closed