Main Menu

লুকিয়ে রাখুন হোয়াটসঅ্যাপে আসা ছবি বা ভিডিও

প্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে আসা যে কোনও ছবি বা ভিডিওকেই ‘হাইড’ করে রাখা সম্ভব। হোয়াটসঅ্যাপে কত রকম ছবিই আসে। আসে ভিডিও-ও। তার মধ্যে কিছু ছবি বা ভিডিও থাকে, যা কেবল বন্ধুদের মধ্যেই শেয়ার করা চলে। কিংবা ধরুন বান্ধবীর পাঠানো এমন কিছু ছবি বা ভিডিও, যা আপনি চান এই ব্রহ্মাণ্ডে কেবল আপনারই থাকুক। কিন্তু ভাবতে গেলেই ভয় হয়। যদি গ্যালারিতে সেভ করে রাখা সেই সব ভিডিও বা ছবি পড়ে যায় অন্য কারও চোখে! বলা তো যায় না। সব সময়ে তো আর কেউ ফোন বগলে করে ঘোরে না। যদি অতর্কিতে ওই সব ‘ব্যক্তিগত’ ছবিপত্তর অন্যের সামনে চলে আসে! কিন্তু এই দুশ্চিন্তা থেকে আপনি সহজেই রেহাই পেতে পারেন। হোয়াটসঅ্যাপে আসা যে কোনও ছবি বা ভিডিওকেই ‘হাইড’ করে রাখা সম্ভব।

টেকহুক.কমে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যাচ্ছে সেই লুকিয়ে রাখার কাজটি কেমন করে করা সম্ভব। এর জন্য আপনাকে কয়েকটি স্টেপ ফলো করতে হবে।

আগে দেখে নিন আপনার ফোনে ‘ফাইল ম্যানেজার’ রয়েছে কি না। যদি না থাকে, তা হলে গুগল প্লে স্টোর থেকে আপনার স্মার্টফোনে ইনস্টল করে নিন ইএস ফাইল এক্সপ্লোরার।

ওই ইএস ফাইল এক্সপ্লোরার বা আপনার ফোনের ফাইল ম্যানেজারে গিয়ে খুলে দেখে নিন তার ভিতরে থাকা ‘হোয়াটসঅ্যাপ’ ফোল্ডার। ওই ফোল্ডারের মধ্যে আছে ‘মিডিয়া’ ফোল্ডার, তার মধ্যে রয়েছে ‘হোয়াটসঅ্যাপ ইমেজেস’ ফোল্ডার।

আপনি কেবল ওই ‘হোয়াটসঅ্যাপ ইমেজেস’ ফোল্ডারটির নাম বদলে দিন। বিরাট কোনও পরিবর্তন নয়, কেবল নামটির আগে ‘.’ বসিয়ে ‘.হোয়াটসঅ্যাপ ইমেজেস’ করে ফেলুন। এতেই হবে ‘ম্যাজিক’। ওই ফোল্ডার হয়ে যাবে ‘হিডেন’। ব্যাস, আপনার মিশন কমপ্লিট।

না, এখনও পুরো কমপ্লিট নয়, আর একটি ছোট্ট কাজ বাকি। এর পর ফোটো গ্যালারিতে ‘শো হিডেন ফাইল’ অপশনটি অফ করে দিন। কেল্লা ফতে। যখন দেখতে চান, অপশন অন করুন। অন্য সময় অফ করে রাখুন।

এ তো গেল ছবির কথা। এই একই পদ্ধতি অবলম্বন করুন ভিডিও কিংবা অডিও ফাইলের ক্ষেত্রেও।

তবে একটা কথা। গুগল থেকে নামানো ফটোর ক্ষেত্রে কিন্তু এই উপায় খাটবে না। তাই সাধু সাবধান!

Share





Related News

Comments are Closed