Main Menu

রাজশাহীতে শিশু হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহীতে রাব্বি নামের এক শিশুকে হত্যার অপরাধে তিনজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে আমৃত্য কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে মহানগরীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরিন কবিতা আখতার এ রায় দেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

অভিযুক্ত মোট ৭ আসামির মধ্যে রায়ে ৩ জনকে ফাঁসি, একজনকে আমৃত্যু কারাদণ্ড ও অপর ৩ জনকে বেকসুর মুক্তি দেয়া হয়েছে। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৩ জন হলেন- আবুল কাশেমের ছেলে মাজেদুর রহমান সাগর (১৯), হযরত আলীর ছেলে নাজমুল হক (২০) ও আব্দুর রাজ্জাকের ছেলে রিপন সরকার লিটন (২০)।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২০ ডিসেম্বর সন্ধ্যা অনুমানিক সাড়ে ৬ টার দিকে মোহনপুর উপজেলার বেড়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ফজলে হোসেন রাব্বিকে (১০) অপহরণ করা হয়। ওই রাতেই রাব্বিকে হত্যা করে অপহরণকারীরা। এরপর ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে রাব্বির বাবা মামলার বাদী আলী হোসেনকে মোবাইল করে।

২৪ ডিসেম্বর রাব্বিকে মুক্তি দেয়ার কথা থাকলেও ওই দিন অপহরণকারীদের ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। আলী হোসেন প্রথম ২০ ডিসেম্বর মোহনপুর থানায় সাধারণ ডায়েরি এবং ২৪ ডিসেম্বর এজাহার দায়ের করেন।

এর দুদিন পর ২৬ ডিসেম্বর শিশু রাব্বির লাশ উদ্ধার করা হয়। পুলিশ মোবাইল কলের সূত্র ধরে আসামিদের গ্রেফতার করে। এরপর আসামিরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে মামলার কাজ গতি পায়।

এর আগে চলতি বছরের ২৯ নভেম্বর গ্রেফতারকৃত ৭ আসামিকে আদালতে হাজির করা হলে দুই দিনব্যাপী যুক্তিতর্ক শেষে বিচারক শিরীন কবিতা আখতার আসামিদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন এবং ১৯ ডিসেম্বর এই মামলার রায়ের জন্য দিন ধার্য করেন। এই মামলায় বাদি পক্ষের ১৮ জন এবং আসামি পক্ষের ২ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়।

Share





Related News

Comments are Closed