Main Menu

গভীর রাতেও ভয়াবহ লোডশেডিংয়ের কবলে রাজশাহী

হাবিব জুয়েল, রাজশাহী থেকে: নিম্নচাপের প্রভাবে রাজশাহীতেও দিনভর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। স্থানীয় আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক দেবল কুমার মৈত্র জানিয়েছেন, শনিবার সকাল ১০টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত রাজশাহীতে ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে নগরীর উপকণ্ঠ কাটাখালিস্থ পাওয়ার গ্রীডের সাথে জাতীয় গ্রীডের সঞ্চালন লাইনে ত্রুটির কারণে দীর্ঘ পৌণে ৪ ঘন্টা বিদ্যুৎহীন ছিল সমগ্র রাজশাহী মহানগরী। বিদ্যুৎ কর্মকর্তারা দাবি করেন, পাখির বিষ্টা জমা হয়ে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। তবে দক্ষ জনবলের অভাব ও বর্তমান কর্মীদের অদক্ষতায় নগরীতে প্রায়ই বিদ্যুৎ বিপর্যয় ঘটছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।
বৈরী আবহাওয়া এবং বিদ্যুৎ সরবরাহ না থাকায় পুরো রাজশাহী যেন ভুতুড়ে নগরীতে পরিণত হয়। অতঃপর ওই পাখির বিষ্টা পরিস্কার করা হলে সচল হয় বিদ্যুৎ ব্যবস্থা। বিদ্যুৎ না থাকায় জরুরী কার্যক্রমে বিঘ্ন ঘটে। হঠাৎ এমন অস্বস্তিকর পরিস্থিতিতে ক্ষোভ জন্মে নগর জীবনে।
জানতে চাইলে বিদ্যুতের বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান জানান, বিকাল ৩টা ৪৪ মিনিটে জাতীয় গ্রীডের কাটাখালিস্থ পাওয়ার গ্রিড কোম্পানীর সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেয়। ত্রুটি চিহ্নিত ও মেরামতের পর সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে নগরীতে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। এরপর পর্যায়ক্রমে নগরীর সর্বত্র বিদ্যুৎ সরবরাহ শুরু হয়।

Share





Related News

Comments are Closed