Main Menu

কানাইঘাটে নিহত ৬ জনের ময়না তদন্ত সম্পন্ন, মামলা দায়ের

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোভাছড়া পাথর কোয়ারীর বাংলাটিলায় পাথর কুড়ানোর সময় মাটিচাপায় নিহত ৬ জনের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সিলেট ওসমানী মেডিকেল কলেজে ময়না তদন্ত শেষে তাদের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে এ ঘটনায় কানাইঘাট থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন কানাইঘাট থানার ওসি আব্দুল আহাদ।

এ ঘটনার প্রেক্ষিতে আজ বুধবার কানাইঘাট উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সম্মেলনকক্ষে নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলতানার সভাপতিত্বে এতে সংসদ সদস্য সেলিম উদ্দিন, উপজেলা চেয়ারম্যান আশিক চৌধুরী, ওসি আব্দুল আহাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মঙ্গলবার সকালে কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের লোভাছড়া পাথর কোয়ারীর বাংলাটিলায় পাথর কুড়ানোর সময় মাটিচাপায় ৫ মাদ্রাসা ছাত্রসহ ৬ জন নিহত হন। নিহতরা হলেন- ইউনিয়নের কান্দলা বাংলাটিলা কোনাগ্রামের মুছব্বির আলীর পুত্র স্থানীয় ডাউকেরগুল নেছারিয়া কৌমি মাদ্রাসার হিফজ্ বিভাগের শিক্ষার্থী মারুফ আহমদ (১১), একই গ্রামের আলমাছ উদ্দিনের পুত্র কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার শিক্ষার্থী নাহিদ আহমদ (১৩), তার সহোদর স্থানীয় মুলাগুল হারিছ চৌধুরী একাডেমির ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শাকিল আহমদ (১১), ইউনুস আলীর পুত্র জাকির আহমদ (১৮), আনোয়ার হোসেনের পুত্র হারিছ চৌধুরী একাডেমির ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী কাদির আহমদ (১৪) ও একই গ্রামের আব্দুল বারির পুত্র সুন্দর আলী (৩৮)।

Share





Related News

Comments are Closed