Main Menu

বিদ্যুৎ অফিস ঘুষ চাওয়ার প্রতিবাদে সড়ক অবরোধ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বরইকান্দি বিদ্যুৎ উপকেন্দ্র অফিস কর্তৃক বিকল ট্রান্সফরমার পরিবর্তন করে নতুন ট্রান্সফরমার প্রদানে প্রায় লক্ষাধিক টাকা ঘুষ দাবী করার প্রতিবাদে বিক্ষুব্ধ গ্রামবাসী সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন।
সোমবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নের খিদিরপুর গ্রামের সর্বস্তরের জনতা সিলেট-কামালবাজার সড়কের মিস্তরী জামে মসজিদের সামনে সড়ক অবরোধ করেন। এতে এই সড়ক দিয়ে যাতায়াতকারী যানবান আটকা পড়ে। প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ চলার পর দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ অবরোধের স্থানে উপস্থিত হয়ে এবং প্রবাসী হাজী তোফায়েল আহমদের অনুরোধে বিক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ তুলে নেন। এর আগে সকাল ৯ টায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এম.বি.এ উপকেন্দ্র বরইকান্দি অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে এলাকাবাসী বিদ্যুৎ অফিসের সমানে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী দেওয়ান আবুল খান, দেওয়ান আক্কদ খান, সৈয়দ মুতাহের আলী, সিরাজুল ইসলাম, হাজী আলাউদ্দিন, মোঃ সোনা মিয়া, দেওয়ান আলিজ খান, সিফত উল্লাহ, কাওছার আহমদ, সমাজসেবী সোনাহর আলী সোহেল, দেওয়ান নিজাম খান, দেওয়ান এনাম খান, নাসির আহমদ, রুমেল আহমদ, দেওয়ান রুবেল খান, দেওয়ান সামন খান, সৈয়দ আকছার আহমদ, আব্দুস সালাম, কামরুল ইসলাম, মুন্না আহমদ, আনছার আহমদ, জিবলু আহমদ, বাবু, সাহেদ আহমদ, রনি আহমদ প্রমুখ।
আলাপকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফরিদ উদ্দিন ভুইয়া জানান, ট্রান্সফারমার পরিবর্তনের বিষয়ে আমাদের অফিস থেকে কোন টাকা চাওয়া হয়নি। গ্রামবাসী বিক্ষোভ করেছেন বলে শুনেছি। উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ অফিসে এসে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আমাদের অফিসের লোক খিদিপুর গ্রামে গিয়ে গাছের ডালপালা কেটে এসেছে। ৭ নভেম্বর ট্রান্সফরমার লাগানো হবে।
উল্লেখ্য গত ৫ নভেম্বর রোববার খিদিপুর গ্রামের ট্রান্সফরমার বিকল হয়ে গেলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এম.বি.এ উপকেন্দ্র বরইকান্দি অফিসে ট্রান্সফরমাটি পরিবর্তনের জন্য গ্রামবাসী গেলে তাদের কাছে প্রায় ১ লক্ষ টাকা দাবী করেন। উক্ত টাকা জমা দিলেই অফিস কর্তৃক সাথে সাথে ট্রান্সফরমার বদলে দেয়ার আশ্বাস দেয়া হয়।

Share





Related News

Comments are Closed