Main Menu

কৃমির ওষুধ খাওয়ানো শুরু আজ

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রায় ৪ কোটি ৬ লাখ শিশু-কিশোরকে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। দেশব্যাপী জাতীয় কৃমিনাশক সপ্তাহের ১৯তম রাউন্ডের আওতায় আজ ৪ নভেম্বর শনিবার থেকে এ কর্মসূচি শুরু হচ্ছে।

২৩ নভেম্বর পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ থেকে ১৬ বছর বয়সি ছাত্রছাত্রীদের দুই ধাপে কৃমি নিয়ন্ত্রণে ওষুধ সেবন করানো হবে।

এবার দুই দফায় এ কার্যক্রম চলবে। দেশের ১ লাখ ২০ হাজার প্রাথমিক পর্যায়ের এবং ৩০ হাজার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এ কার্যক্রমের আওতায় থাকবে।

৪ থেকে ৯ নভেম্বর প্রথম ধাপে পাঁচ থেকে ১২ বছর বয়সের এবং ১৬ থেকে ২৩ নভেম্বর দ্বিতীয় ধাপে ১২ থেকে ১৬ বছর বয়সের শিশুদের এ কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

স্কুলের বাইরের ওই বয়সের শিশুদেরও এবার এই কর্মসূচির আওতায় ওষুধ খাওয়ানো হবে।

সব শিশুকে ভরা পেটে কৃমিনাশক ওষুধ খাওয়াতে হবে, খালি পেটে এ ওষুধ খাওয়ানো যাবে না। এ ওষুধের কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

পাঁচ থেকে ১৬ বছর বয়সের শিশু সবচেয়ে বেশি কৃমিতে আক্রান্ত হয়। কৃমি নিয়ন্ত্রণ না করতে পারায় শিশুদের শারীরিক ও মানসিক বৃদ্ধি ব্যাহত হয় এবং শিশু অপুষ্টিতে ভোগে। পাশাপাশি শিশুর শিখনক্ষমতা হ্রাস পায় ও শ্রেণীকক্ষে সক্রিয় থাকতে বাধার সৃষ্টি করে। কৃমি হলে মানুষের বদহজম, ডায়রিয়া ও শ্বাসকষ্ট দেখা দেয়।

Share





Related News

Comments are Closed