Main Menu

৪৬তম সংবিধান দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক: ১৯৭২ সালের ৪ নভেম্বর বাংলাদেশের সংবিধান প্রণীত হয়। একই বছরের ১৬ ডিসেম্বর বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর হয়। এরপর থেকে এ পর্যন্ত সংবিধানে ১৬টি সংশোধনী আনা হয়েছে।

সংবিধান একটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন। কোনো শাসনব্যবস্থার মূলগ্রন্থ সংবিধান, যাতে স্বায়ত্তশাসিত কোনো রাজনৈতিক সত্তার কর্তব্য নির্ধারণের মৌলিক নিয়ম ও সূত্রগুলো লিপিবদ্ধ থাকে।

বাংলাদেশের সংবিধানে সংশোধনীর মধ্যে পঞ্চম, সপ্তম, অষ্টম, ত্রয়োদশ ও ষোড়শ এই পাঁচটির বৈধতা বিষয়ে আপত্তি উত্থাপনপূর্বক মামলা করা হলে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ওই পাঁচটি সংশোধনী অবৈধ ঘোষণা করেন।

এর মধ্যে পঞ্চম ও সপ্তম সংশোধনীর মাধ্যমে জিয়াউর রহমান ও এইচ এম এরশাদের শাসনামলে সামরিক সরকারকে বৈধতা দেওয়া হয়েছিল। অষ্টম সংশোধনীর মাধ্যমে রাজধানী ঢাকার বাইরে বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, যশোর, রংপুর ও সিলেটে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ছয়টি স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠা করা হয়।

ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে মেয়াদ অবসান বা মেয়াদ অবসান ছাড়া অন্য কোনো কারণে সংসদ ভেঙে যাওয়ার পর নির্বাচনকালীন সরকার পরিচালনার জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করা হয়। আর ষোড়শ সংশোধনীর মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারক অপসারণে সংসদীয় অভিশংসন প্রথার প্রবর্তন করা হয়।

সংবিধান প্রণয়নের উদ্দেশ্যে ১৯৭২ সালের ১১ এপ্রিল ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন বেগম রাজিয়া বানু। এ ছাড়া কমিটিতে একমাত্র বিরোধীদলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত। কমিটি ভারত ও যুক্তরাজ্যের সংবিধানের আলোকে বাংলাদেশের সংবিধান রচনা করে।

Share





Related News

Comments are Closed