Main Menu

বাসে যাত্রী তুলে ডাকাতি: ২৮ যাত্রীবেশী ডাকাত আটক

বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে রাতে বাড়িফেরা মানুষকে অস্ত্রের মুখে জিম্মি করে সব কিছু লুটে নেয়ার ফাঁদ পেতেছিল একদল ডাকাত। কিন্তু ডাকাতদের ফন্দি ব্যর্থ করে দিয়েছে পুলিশ। দুঃসাহসিক অভিযানে ডাকাত দলের ২৮ সদস্যকে আটক করা হয়েছে ।

বৃহস্পতিবার (০২ নভেম্বর) রাত এগারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার নবীনগর এলাকায় এ অভিযান চালায় পুলিশ। এ অভিযান চলাকালে ডাকাতের ছোড়া গুলিতে আহত হয়েছেন ওসিসহ ৪ পুলিশ সদস্য। উদ্ধার করা হয়েছে ৫ জিম্মিকেও।

এ সময় ডাকাতদের কাছ থেকে জব্দ করা হয় তাদের ব্যবহৃত বাস, একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দেশি বিভিন্ন অস্ত্রসহ লুট করা মূল্যবান জিনিসপত্র।

আটককৃতরা হলেন- শাহ আলম, রুহুল আমীন, মামনু, রহিদ, কায়সার, বশির, আবু সাইদ, স্বপন মল্লিক, আলামীন, মেহেদী হাসান, হাবিবুর রহমান, শহিদুজ্জামান, সানাউল্লাহ বারী, শফিকুল ইসলাম, কাশেম, মোকসেদ, জাহিদুল ইসলাম, এনামুর রহমান, মহসিন, কামরুল, ইকবাল, সোরহাব, রফিকুল ইসলাম, বাবুল, বাহারুল, জাকির ও সোপন মিয়া।

পোশাক কারখানার কর্মকর্তা সামিউল জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে জানান, ধামরাইয়ের কালামপুর স্ট্যান্ডে দীর্ঘক্ষণ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় একটি লোকাল বাস আসে। ভেতরে অনেক যাত্রী দেখে বাসে উঠে বসেন তিনি। ডুলিভিটা বাসস্ট্যান্ড পার হলেই যাত্রীদের মধ্যে থেকে কয়েকজন উঠে এসে দেশি অস্ত্র ও পিস্তল ঠেকিয়ে সব কিছু দিয়ে দিতে বলেন।

এ সময় প্রাণ বাঁচাতে সব কিছু তাদের দিয়ে দেয়া হয়। পরে ডাকাতেরা হাত-পা বেঁধে তাকে গাড়ির পেছনে ফেলে রাখে। সামিউল আরো জানান, এ সময় বাসের পেছনের সিটে হাত-পা বাঁধা অবস্থায় আরো চারজন ছিলেন।

সাভার সার্কেলের সহকারী পুলিশ সুপার খোরশেদ আলম জানান, বাসে যাত্রী তুলে ডাকাতি করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে পুলিশ নবীনগরের ত্রিমোড়ে অবস্থান নেয়। ডাকাতদলটি নবীনগর এসে পৌঁছালে ডাকাতি কাজে ব্যবহৃত বাসটিকে থামতে সিগন্যাল দেয় পুলিশ। এ সময় বাসের ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে থাকে ডাকাতরা।

একপর্যায়ে পুলিশ পুরো বাসটি ঘিরে রেখে ডাকাতদের প্রতিরোধ করে। পরে ২৮ ডাকাতকে আটক ও বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে।

এ সময় আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আব্দুল আউয়াল, পরিদর্শক (অপারেশন) জাহিদুর রহমান, উপ-পরিদর্শক মুকিব হাসান ও রাকিবুল হাসান আহত হন।

তিনি আরও জানান, বাসে ডাকাতির এটি একটি কৌশল। অনেক যাত্রী দেখলে অনেকেই নিরাপদ মনে করে সেই বাসে উঠে বসেন। ডাকাতেরা পরে সাধারণ যাত্রীদের সর্বস্ব লুট করে হাত-পা বেঁধে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়।

ডাকাতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed