রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনায় ৮ লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারে ফের রোহিঙ্গাবাহী নৌকাডুবির ঘটনা ঘটেছে। উখিয়া ও টেকনাফে দুটি নৌকাডুবির ঘটনায় ৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় উখিয়ার ইমামের ডেইল ও সোমবার রাত সাড়ে ১০টায় টেকনাফের মহেশখালিয়াপাড়ায় ওই নৌকাডুবির ঘটনা ঘটে।
এ নৌকাডুবির ঘটনায় উখিয়ায় নারী ও শিশুসহ ৫ জন এবং টেকনাফে ৩ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। জীবিত উদ্ধার হয়েছে ৩৮ জন। নিখোঁজ রয়েছেন আরও ৫ জন।
উখিয়ার ইমামের ডেইল এলাকার ইউপি সদস্য শফিউল আলম বলেন, দুদিন আগে ৫০ থেকে ৫১ জন লোক নিয়ে মিয়ানমার থেকে একটি রোহিঙ্গাবোঝাই নৌকা বাংলাদেশের উখিয়া সীমান্তের উদ্দেশে আসে। এ সময় উখিয়ার ইমামের ডেইল পয়েন্টে এসে সাগরের ঢেউয়ের মুখে পড়ে ডুবে যায়। পরে স্থানীয় লোকজন ও জেলেদের সহযোগিতায় ১ শিশুর লাশ এবং নারী শিশুসহ ৪২ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যায় আরও ৪ জন।
জালিয়াপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, দিনের বেলায় এ ঘটনা হওয়ায় স্থানীয় জেলেরা উদ্ধার তৎপরতার কাজে অংশ নেয়ায় বেশিরভাগ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা গেছে। এর মধ্যে ৫ জন মারা গেলেও বেচে গেছেন ৩৮ জন।
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কাই কিসলু বলেন, নৌকাডুবির ঘটনায় ৫ জনের লাশ এ পর্যন্ত পাওয়া গেছে। একজন ঘটনাস্থলে ৪ জন হাসপাতালে নেয়ার পথে মারা যান। আরও কয়েকজনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান বলেন, নৌকাডুবির খবর পেয়ে সকালে ঘটনাস্থলে যাই। এ সময় সিরাজ নামে এক শিশুর লাশ পাওয়া যায়। বাকিরা হাসপাতালে নেয়ার পথে মারা যান। তিনি বলেন, উদ্ধারকৃতদের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে ২৩ জনকে।
অপরদিকে সোমবার রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়াপাড়া পয়েন্টে নৌকাডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান উদ্ধারকাজে অংশ নেয়া স্থানীয় জেলে আবুল কাশেম ও ফরিদ আহমদ।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন খান বলেন, সোমবার রাতে রোহিঙ্গারা সাগর পথে নৌকা নিয়ে বাংলাদেশ সীমান্তের মহেশখালিয়াপাড়া পয়েন্ট দিয়ে কূলে ওঠার সময় নৌকা উল্টে ৪ শিশু সাগরে পড়ে যায়। পরে ৩ জনের লাশ উদ্ধার হয়। বাকি একজন বর্তমানে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed