Main Menu

কক্সবাজার পৌঁছেছেন খালেদা জিয়া

বৈশাখী নিউজ ডেস্ক: রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণে কক্সবাজার পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার সন্ধ্যা ৭টার দিকে তিনি কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছান। সেখানে রাত্রিযাপন করবেন তিনি।

সোমবার বেলা ১১টার পর বিএনপি চেয়ারপারসন কক্সবাজারের উখিয়ার বালুখালিতে শরণার্থী শিবির পরিদর্শন করবেন এবং রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। এছাড়া বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন বাংলাদেশ-ড্যাব পরিচালিত ফ্রি চিকিৎসা ক্যাম্পও পরিদর্শন করবেন তিনি।

প্রসঙ্গত, কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন ও ত্রাণ বিতরণের উদ্দেশে গত শনিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের বাসভবন থেকে রওয়ানা হন বিএনপি চেয়ারপারসন।

বিকেল সোয়া ৫টার দিকে তার গাড়িবহরটি ফেনীতে প্রবেশের সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদরের ফতেহপুরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ কয়েকজন আহত হন। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

খালেদা জিয়া বিকেল ৫টা ১০ মিনিটে ফেনী সার্কিট হাউজে পৌঁছান। যাত্রাবিরতি শেষে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি ফেনী থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। রাত পৌনে ৮টার দিকে মিরসরাই এলাকায় ফের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। মিরসরাই এলাকায় পৌঁছালে ইট ছুড়ে এনটিভি’র গাড়ির দু’দিকের গ্লাস ভেঙে দেওয়া হয়। এতে তিনজন আহত হন।

রাত ১০টার দিকে বিএনপি চেয়ারপারসন চট্টগ্রাম সার্কিট হাউজে পৌঁছান। সেখানে তিনি রাত্রিযাপন করেন। রোববার দুপুর সোয়া ১২টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে তার গাড়িবহর কক্সবাজারের উদ্দেশে রওনা হয়।

 

Share





Related News

Comments are Closed