Main Menu

ঢাবির ‘ক’ ও ‘চ’ ইউনিটের ফল প্রকাশ

বৈশাখী নিউজ ডেস্ক: ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ও ‘চ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে আজ বুধবার। ‘ক’ ইউনিটে পাসের হার ২৩.৩৭ শতাংশ এবং ‘চ’ ইউনিটে পাসের হার ২.৭৫ শতাংশ।

আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রশাসনিক ভবনস্থ কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।

ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডিন ও ক-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান, চারুকলা অনুষদের ডিন ও চ-ইউনিট ভর্তি পরীক্ষার সমন্বয়কারী অধ্যাপক নিসার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. ইমদাদুল হক, আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. হাসিবুর রশীদ এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ফল মোবাইল ফোন ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকেও জানা যাবে। মোবাইলে ফোনের যেকোনো অপারেটরের মেসেজ অপশনে গিয়ে DU স্পেস Ka স্পেস (ভর্তি পরীক্ষার রোল নম্বর) লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানা যাবে।

‘ক’ ইউনিটে পাস করা সব শিক্ষার্থীকে আগামী ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত এবং বিষয় পছন্দের ফরম পূরণ করতে বলা হয়েছে। আগামী ৮ নভেম্বর ওয়েবসাইটে প্রাপ্ত বিভাগ তালিকা প্রকাশ করা হবে।

এছাড়া কোটায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আগামী ২৯ অক্টোবর থেকে ৬ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট কোটার ফরম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে বলা হয়েছে।

এছাড়া ফল নিরীক্ষণের জন্য ফি দেয়ার সাপেক্ষে আগামী ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ডিন অফিসে আবেদন করা যাবে। এর ফলাফল ২৬ অক্টোবর প্রকাশ করা হবে।

গত ১৩ অক্টোবর ক-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তিচ্ছু মোট ৮৯ হাজার ৫০৮ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ৮২ হাজার ৪৫৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ১৯ হাজার ২৬৭ জন উত্তীর্ণ হয়েছে। ক-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১ হাজার ৬১০টি। উত্তরপত্র বাতিল করা হয়েছে ৩০৪ জনের।

এদিকে চ-ইউনিটের ভর্তিচ্ছু মোট ১৩ হাজার ৪৭৮ জন ছাত্র-ছাত্রীর মধ্যে ১১ হাজার ৭২ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ৩০৪ জন উত্তীর্ণ হয়েছে। চ-ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ১৩৫টি।

‘চ’ ইউনিটের ফলাফল জানতে মোবাইল ফোন থেকে DU CHA (রোল নম্বর) টাইপ করে ১৬৩২১ নম্বরে এসএমএস করে ফলাফল জানা যাবে।


বিস্তারিত জানতে ক্লিক করুন:

Share





Related News

Comments are Closed